

দক্ষিণ চব্বিশ পরগণার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন সিপিএম ত্যাগী নেতা প্রতীক উর রহমান৷ জল্পনাকে সত্যি করে শেষ পর্যন্ত শাসক দলেই যোগ দিলেন প্রতীক উর৷ সিপিএম নেতৃত্বের দাবি ছিল, বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার প্রতিশ্রুতি পেয়েই তৃণমূলে যোগ দিচ্ছেন প্রতীক উর রহমান৷ যদিও শনিবার প্রতীক উর রহমান শাসক দলে যোগ দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, তৃণমূল টিকিট দিলেও ভোটে লড়বেন না বলে জানিয়েছেন সিপিএম ত্যাগী তরুণ নেতা৷ সিপিএম তাঁদের ঘরের ছেলেকেই চিনতে পারেনি বলেও কটাক্ষ করেছেন অভিষেক৷





