রাজ্য সরকারের অর্থ বরাদ্দে খুশির হাওয়া এলাকাবাসীর মধ্যে। প্রায় ৯ কোটি ৮৪ লক্ষ টাকা ব্যয়ে গড়ে উঠতে চলেছে এই অত্যাধুনিক বিদ্যুৎ সাবস্টেশনটি। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা ও পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দফতরের যৌথ উদ্যোগে এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে।
advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সুবর্ণরেখা নদীর পাশ্ববর্তী গ্রামগুলোতে বিদ্যুৎ বিভ্রাট মেটাতে এই প্রকল্পটি অত্যন্ত কার্যকরী হবে। ১২.৬ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই সাবস্টেশনটি বেলদা ডিভিশনের অধীনে পরিচালিত হবে। দাঁতন এক নম্বর ব্লকের সবকটি অঞ্চল, দাঁতন দু’নম্বর ব্লক ও নারায়ণগড় ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা এই প্রকল্পের আওতায় থাকবে। প্রশাসন সূত্রে খবর, অন্যান্য সাব স্টেশনে বিদ্যুতের লোড কমাতে এই সিদ্ধান্ত।
ইতিমধ্যেই এলাকা পরিদর্শন সম্পন্ন। তৈরি হয়েছে লে আউট। বরাদ্দ হয়েছে অর্থ। দাঁতনের পুঞ্জা এলাকায় তৈরি হবে অত্যাধুনিক এই সাবস্টেশন। যা দাঁতন ব্লকের নদী তীরবর্তী এলাকায় বিদ্যুৎ সরবরাহ করবে। যার ফলে প্রান্তিক এলাকায় লোডশেডিং কিংবা ভোল্টেজ ওঠানামা সমস্যা দূর হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিদ্যুৎ দফতর সূত্রে খবর, দুটি ৬.৩ মেগাওয়াট ক্ষমতার ইউনিট বসান হচ্ছে। বর্তমানে দাঁতন এক নম্বর ব্লকের শরশঙ্কা এলাকায় একটি সাবস্টেশন থাকলেও দাঁতনের মতো বিশাল ভৌগোলিক এলাকায় বিদ্যুৎ পৌঁছাতে মাঝেমধ্যেই যান্ত্রিক গোলযোগ দেখা দিত। বিশেষ করে নদীর ধারের এলাকাগুলোতে ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে দীর্ঘক্ষণ অন্ধকার থাকত। পুঞ্জা এলাকার এই নতুন প্রকল্পটি সেই সব সমস্যার চিরস্থায়ী সমাধান করবে।
এই নতুন সাবস্টেশনের ফলে নদী তীরবর্তী চাষাবাদ থেকে শুরু করে ছোট ব্যবসায়ী এবং পড়ুয়াদের জীবনে এক নতুন গতি আসবে। স্বাভাবিকভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দে এমন এক উন্নয়নমূলক প্রকল্প আগামীতে যে বেশ উপকারে লাগবে সাধারণ মানুষের তা বলার অপেক্ষা রাখে না।





