আরও পড়ুন: সেতুর উপরে ভয়াবহ দুর্ঘটনা! ডাম্পারের ধাক্কায় ছিটকে পড়লেন বাইক আরোহী, মৃ*ত্যু শিক্ষকের
গ্যাসের এই লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তর ২৪ পরগনার বারাসাতের কাজীপাড়া এলাকায় যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান অটোচালকেরা। বারাসাত, সোদপুর-সহ বিভিন্ন রুটের একাধিক অটোচালক এই আন্দোলনে সামিল হন, যার জেরে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল এবং ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা। অভিযোগ, কাজীপাড়া রেলগেট সংলগ্ন গ্যাস কাউন্টারে দীর্ঘদিন ধরেই ধাপে ধাপে বাড়ানো হচ্ছে গ্যাসের দাম।
advertisement
অটো চালকদের দাবি, গত প্রায় ১৫ দিন ধরে ধারাবাহিকভাবে মূল্যবৃদ্ধি করা হয়েছে। প্রতিদিন এই কাউন্টার থেকেই গ্যাস ভরাতে হয় তাঁদের, ফলে হঠাৎ করে বেড়ে যাওয়া দামে চরম সমস্যায় পড়েছেন চালকেরা। চালকদের আরও অভিযোগ, মাত্র দু’দিন আগেও যে দামে গ্যাস নেওয়া হয়েছে, এদিন তার থেকেও অধিক টাকা চাওয়া হয়। পাশাপাশি, গ্যাস ভরার পর কোনও বৈধ বিল দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ ওঠে পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে। যদিও পাম্প কর্তৃপক্ষের দাবি, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে খুচরো স্তরেও।
বেশি দামে গ্যাস কিনতে হওয়ায় বাধ্য হয়েই দাম বাড়ানো হয়েছে। তবে এই যুক্তিতে সন্তুষ্ট নন অটো চালকেরা। তাঁদের প্রশ্ন, একই সংস্থার অন্য কাউন্টারে যেখানে দাম অপরিবর্তিত, সেখানে শুধুমাত্র কাজীপাড়ায় কেন এই মূল্যবৃদ্ধি! যা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালেও পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। তবে অটোচালকদের মধ্যে ক্ষোভ এখনও প্রশমিত হয়নি।





