পরিবার সূত্রে জানা যায়, মৃতার নাম সেলিনা বিবি (২৬)। বাড়ি নবগ্রামের গুড়া পাসলা অঞ্চলের নতুনগ্রাম এলাকায়। বৃহস্পতিবার রাতে বমি ও তীব্র মাথা ব্যথার সমস্যা নিয়ে তাঁকে নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, রাতে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলেও হাসপাতালে কোনও চিকিৎসক উপস্থিত ছিলেন না। নার্সদের বিরুদ্ধেও দুর্ব্যবহারের অভিযোগ তোলেন মৃতার পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা না পাওয়ার কারণেই শুক্রবার সকালে সেলিনা বিবির মৃত্যু হয়। ঘটনার পরেই স্বাস্থ্যকেন্দ্রে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। চিকিৎসকের শাস্তি ও বিভাগীয় তদন্তের দাবি তুলেছেন তাঁরা। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে পৌঁছায় নবগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানানো হয়েছে, চিকিৎসার গাফিলতির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নবগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ ডা. নির্জন বালা জানান, বৃহস্পতিবার রাতেই রোগীকে ভর্তি নেওয়া হয় এবং চিকিৎসক ও নার্সরা নিয়মমাফিক পরিষেবা দেন। শুক্রবার সকালেও চিকিৎসক রোগীকে দেখেছেন। হঠাৎ করেই রোগীর মৃত্যু হয় বলে তাঁর দাবি। পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চিকিৎসক ডা. কল্যাণ সাহাকে শোকজ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।






