চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে শুক্রবার সন্ধ্যা ছ’টা নাগাদ হাসপাতালের মূল গেটের সামনে ধরনায় বসেন মৃত ছাত্রের পরিবারের সদস্য ও আত্মীয়রা। তাঁদের দাবি, দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় পুলিশ।
advertisement
মৃত ছাত্রের মা বলেন, স্বামীর সঙ্গে সকালে স্কুলে যাওয়ার পথে চারগেটের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ছেলে। টোটোর সঙ্গে ধাক্কায় গুরুতর জখম হয়। স্থানীয় কয়েকজনের সাহায্যে বাবা জখম ছেলেকে নিয়ে আসে শক্তিনগর জেলা হাসপাতালে। তাঁকে খবর দেওয়া হয়। তিনি পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে হাসপাতালে আসেন। ছেলেকে ভর্তি করা হয়। প্রথমে পায়ের এক্স-রে করতে পাঠানো হয়। সঙ্গে সঙ্গে এক্সে-রে করে আনা হয়।
ছাত্রের মায়ের অভিযোগ, ছেলের চিকিৎসাই হয়নি। এক্স-রে করার পর গুরুতর জখম অবস্থাতেই ছেলেক ফেলে রাখা হয়। হাসপাতালের গাফিলতিতেই ছেলের মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি।
সমীর রুদ্র, নদিয়া
