গোপন সূত্রে খবর পেয়ে পাঁশকুড়া থানার কেশাপাট এলাকায় অভিযান চালায় আবগারি দফতর। এই এলাকা থেকে একজন পুরুষ ও পাঁচজন মহিলা সহ মোট ছয়জনকে চোলাই মদ বিক্রি ও চোলাই মদ পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে মোট ১২০ লিটার চোলাই মদ উদ্ধার করে কোলাঘাট আবগারির দফতরের আধিকারিকেরা। ধৃতরা হলেব, অরুণ সামন্ত, সন্ধ্যা সাঁতরা, অর্চনা মালিক, পুতুল মালিক, বৃন্দা মালিক, ময়না ধাড়া প্রমূখ। জানা যায়, ধৃতরা বাসে করে চোলাই মদ পাচার করছিলেন।
advertisement
কোলাঘাট আবগারি দফতরের অফিসার ইনচার্জ রাহুল দাসের নেতৃত্বে বিশেষ দলটি পশ্চিম মেদিনীপুর থেকে বাসে করে আনা চোলাই মদ সহ ওই ছয় কারবারিকে বাস থেকে নামার সময় গ্রেফতার করে। পরে তাঁদের তমলুক সিজিএম কোর্টে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পূর্ব মেদিনীপুর জেলা মদ ও মাদকদ্রব্য বিরোধী কমিটির আহ্বায়ক নারায়ন চন্দ্র নায়ক বলেন, “বিষাক্ত চোলাই মদের বিরুদ্ধে কোলাঘাট আবগারি দফতরের নিরন্তন অভিযানের পরিপ্রেক্ষিতে কোলাঘাট ও পাঁশকুড়া ব্লক এলাকায় বিষাক্ত চোলাই মদের কারবার অনেটাই কমেছে। এজন্য এলাকার মা-বোন সহ মানুষজন খুব খুশি। তবে চোলাই মদের পাশাপাশি সরকারি বেশি-বিদেশি মদের প্রভাবে বহু মানুষ সর্বস্বান্ত হচ্ছেন।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পূর্ব মেদিনীপুর জেলায় এমনিতে মদ বিক্রিতে রাজ্যের প্রথম সারিতে। সামনেই বিধানসভা নির্বাচন। প্রকাশিত হয়েছে দিনক্ষণ। এবারের ভোটে নির্বাচন কমিশনের র্যাডারে রয়েছে বাংলা জুড়ে মদ বিক্রি। নির্বাচনের আবহে পূর্ব মেদিনীপুর জেলায় কোলাঘাট আবগারি দফতরের অভিযানে গ্রেফতার হল আন্তঃজেলা মদ পাচার চক্রের সঙ্গে জড়িত থাকা অভিযুক্তরা।






