পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে পুরনো ব্যক্তিগত বিরোধ থেকেই এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। তবে গ্রামের কয়েকজনের দাবি, বলরামের স্ত্রীর সঙ্গে সন্দীপের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। সেই কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অনেকের ধারণা।
advertisement
খুনের ঘটনাটি ঘটে গত রবিবার রাতে বাঁকুড়া জেলার দহলা পঞ্চায়েতের বীরখাম গ্রামে। সন্দীপ মুদির বাড়ি থেকেই তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, মাথায় একাধিক আঘাত করে পরিকল্পনা করেই তাকে খুন করা হয়েছে। জানা যায়, ঘটনার সময় বাড়িতে সন্দীপ একাই ছিলেন।
এই বিষয়ে খাতড়ার এসডিপিও জানান, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছে। পুলিশের দাবি, বলরাম ছাদের রাস্তা দিয়ে সন্দীপের বাড়িতে ঢুকে ভারি ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং তারপর পালিয়ে যায়। এখন পুলিশ হেফাজতে রেখে অভিযুক্তকে জেরা করা হচ্ছে। ঘটনার পুরো চিত্র পরিষ্কার করতে ঘটনার পুনর্গঠন করা হবে এবং খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ আরও জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সব দিক খতিয়ে দেখা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে বীরখাম গ্রামে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার পর থেকেই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। গ্রামবাসীরা দ্রুত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তদন্তে নতুন কোনও তথ্য উঠে আসে কি না, সেদিকে এখন নজর রয়েছে প্রশাসনের।






