১৯৭১-এ জন্ম নিয়েছে স্বাধীন বাংলাদেশ। তবু জলপাইগুড়ির বক্সীপাড়ায় (প্রাক্তন বৈকুন্ঠপুর তেলধার) আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে এক ‘ভুল’ ইতিহাসের স্মৃতি—একটি সীমান্ত পিলার যাতে লেখা ‘ভারত-পাকিস্তান’। বস্তুত, ১৯৪৭-এর পর এ ধরনের পিলার সারা দেশের সীমান্তেই বসানো হয়েছিল। কিন্তু বাংলাদেশের জন্মের পর ওইসব জায়গায় ‘ভারত-বাংলাদেশ’ সীমান্ত চিহ্ন রেখে নতুন ত্রিভুজাকৃতি পিলার বসানো হয়। অথচ, বক্সীপাড়ায় আজও থেকে গেছে সেই পুরনো ‘বিপি’ পিলার।
advertisement
স্থানীয়দের দাবি, শুধু পিলার নয়, জমির নথিতেও আজও লেখা রয়েছে ‘পাকিস্তানের বোদা থানা’। অথচ বোদা এখন বাংলাদেশের অংশ। জমির কাগজে ভারতীয় মৌজার নাম না থাকায় নানাভাবে সমস্যায় পড়তে হয় তাঁদের। এখন তাঁদের প্রশ্ন—ভারত-বাংলাদেশ সীমান্তে কেন থাকবে ভারত-পাকিস্তান লেখা পিলার? সীমান্তে পাকিস্তানের অস্তিত্ব নেই, বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখে সেই পুরনো পিলার তুলে নতুন ভারত-বাংলাদেশ সীমান্ত চিহ্ন বসানো হোক, এই দাবিই এখন জোরাল হয়ে উঠছে।
আরও পড়ুন: ভারত জল না দিলে… র*ক্ত*বন্যার হুমকি থেকে সরে সিন্ধু চুক্তি নিয়ে অন্য পথে পাকিস্তান
বিশেষত, ভারত-পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধ-আবহে এই বিতর্ক নতুন করে প্রাণ পেয়েছে। “আমরা তো ভারতের নাগরিক। তাহলে আমাদের জমিতে কেন থাকবে পাকিস্তানের নাম? ইতিহাস বদলেছে, এখন বাস্তব বদলানোর সময়,”—স্পষ্ট বক্তব্য বক্সীপাড়ার এক প্রবীণ বাসিন্দার। প্রশাসনের তরফে এই নিয়ে কোনও পদক্ষেপ নেওয়া হবে কি না, সে প্রশ্ন উঠছে এখন।





