Amit Shah Flight: কলকাতায় তুমুল ঝড় বৃষ্টি, বনগাঁ-কৃষ্ণনগরের আকাশে চক্কর কাটল অমিত শাহের বিমান! ৫০ মিনিট ধরে কী ঘটল?
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
আজ, শনিবার কলকাতায় রাজ্যের তৃণমূল সরকারের ১৫ বছরের শাসনের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর৷ দলীয় এই কর্মসূচিতে অংশ নিতেই শুক্রবার রাতে কলকাতায় আসেন অমিত শাহ৷
গত বৃহস্পতিবার অণ্ডাল থেকে কলকাতায় আসার পথে প্রবল দুর্যোগের মধ্যে পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান৷ কলকাতায় অবতরণ করতে না পেরে প্রায় দেড় ঘণ্টা কলকাতার আশপাশেই চক্কর কাটে মুখ্যমন্ত্রীর বিমান৷
শুক্রবার রাতে কলকাতায় আসার পথে ঠিক একই ঘটনা ঘটল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমানের সঙ্গেও৷ শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ কলকাতায় অবতরণ কথা ছিল অমিত শাহের বিমানের৷ কিন্তু তার ঘণ্টাখানেক আগে থেকেই কলকাতা বিমানবন্দর এবং তার আশেপাশের এলাকায় প্রবল ঝড়, বৃষ্টি শুরু হয়৷ গোটা কলকাতা জুড়েই শুরু হয় তুমুল দুর্যোগ৷ যার জেরে কলকাতা বিমানবন্দরের কাছাকাছি এসেও অবতরণ করতে পারেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান৷ শেষ পর্যন্ত প্রায় ৫০ মিনিট আকাশে চক্কর কাটার পর রাত প্রায় দেড়টা নাগাদ কলকাতায় অবতরণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমানটি৷
advertisement
কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, শুক্রবার রাত ১০.৪৬ মিনিটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় বিএসএফ-এর বিশেষ বিমান৷ নির্ধারিত সূচি অনুযায়ী, রাত ১২.২২ থেকে ১২.২৭ মিনিটের মধ্যে বিমানটির কলকাতায় অবতরণ করার কথা ছিল৷
advertisement
কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, দিল্লি থেকে রওনা দিয়ে রাত ১২টা নাগাদ ধানবাদ পেরিয়ে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান৷
advertisement
রাত সাড়ে বারোটার কাছাকাছি সময়ে কলকাতা বিমানবন্দরের কাছে পৌঁছে গেলেও অবতরণ করতে পারেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান৷ বিমানটি মুখ ঘুরিয়ে হাবরা, বনগাঁ হয়ে কৃষ্ণনগরের উপর দিয়ে চক্কর কাটতে থাকে৷
রাত ১টার পর থেকে কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় ঝড় বৃষ্টির দাপট কিছুটা কমে৷ তখন ফের অবতরণের জন্য কলকাতা বিমানবন্দরের দিকে এগোয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান৷ যাবতীয় উৎকণ্ঠার অবসান ঘটিয়ে রাত ১.১৫ মিনিট নাগাদ কলকাতায় অবতরণ করে অমিত শাহের বিমান৷ বিমানবন্দর থেকে বেরিয়ে নিউ টাউনের হোটেলের উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 28, 2026 3:00 AM IST











