Srijit Mukherji-Pankaj Tripathi: পঙ্কজের সঙ্গে জঙ্গলে বসে আড্ডার সময়ে আলোচনা করতাম, কোন অরণ্যে ঘর বাঁধব: সৃজিত
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Srijit Mukherji-Pankaj Tripathi: নিউজ18 বাংলাকে সৃজিত বললেন, ''গঙ্গারামের মতো চরিত্রের জন্য পঙ্কজ ছাড়া আর কারও কথা মাথাতেই আসে না। ওঁর অভিনয়ের যে বিস্তৃতি, তার তুলনা নেই।''
#কলকাতা: 'শেরদিল'-এর প্রচারে শহরে পঙ্কজ ত্রিপাঠী। কলকাতার গুমট গরমেও শহর ঘুরে দেখলেন তিনি। তার পরে সাংবাদিকদের মুখোমুখি বলিউডের উচ্চ প্রশংসিত অভিনেতা। আর তাঁর সঙ্গে বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। পরিচালক এবং অভিনেতার যুগলবন্দির গল্প শোনা গেল বাংলার সন্তানের মুখেই। ২০২১ সালের শেষের দিকে এই ছবির শ্যুটিং শুরু হয়েছিল। দেশের প্রেক্ষাগৃহে তারই ফসল ফলবে আগামী ২৪ জুন।
নিউজ18 বাংলাকে সৃজিত বললেন, ''গঙ্গারামের মতো চরিত্রের জন্য পঙ্কজ ছাড়া আর কারও কথা মাথাতেই আসে না। ওঁর অভিনয়ের যে বিস্তৃতি, তার তুলনা নেই। আর মানুষটাও এত ভাল। এত মাটির কাছাকাছি। এ রকম চরিত্রই তো তার গ্রামের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে চাইবে। পঙ্কজ আমাকে চিত্রনাট্যে অনেক সাহায্য করেছেন।'' পঙ্কজের সঙ্গে পরিচালকের বন্ধুত্ব গাঢ় হয় ছবির শ্যুটিংয়ের সময়ে। ক্যামেরা সেট করার অনেক আগেই জঙ্গলের বেশ খানিকটা ভিতরে চলে যেতেন দুই শিল্পী। সেখানে চেয়ার পেতে চা খেতে খেতে সূর্যোদয় দেখতেন। আলোচনা করতে নানা কিছু। কখনও বিষয়বস্তু হয়ে উঠত রাজনীতি, কখনও বা জীবন দর্শন। কখনও আবার কে কোন জঙ্গলে ঘর বাঁধবেন সেই আলোচনা জুড়তেন দুই জঙ্গলপ্রেমী। পঙ্কজ সাংবাদিকদের জানিয়েছেন, পরিচালকের সঙ্গে তাঁর যোগসূত্র অরণ্য। সময় সুযোগ পেলেই তাঁরা অরণ্যে দিনরাত্রি কাটান।
advertisement
advertisement
ছবির বিষয়বস্তু সৃজিতের মাথায় অনেক আগেই বাসা বেঁধেছে। উত্তর প্রদেশের বরেলির কাছে পিলিভিটে বাঘের থাবায় সাত প্রবীণের মৃত্যু হয়। তদন্ত করে জানা যায়, মোটা টাকা ক্ষতিপূরণের লোভে নাকি গ্রামের মানুষেরা পরিবারের বয়স্কদের রেখে আসত পিলিভিট ব্যাঘ্র প্রকল্পে। যাতে বাঘের হাতে মৃত্যু হয় বয়স্কদের। ক্ষতবিক্ষত দেহ ফের নিয়ে আসা হত প্রকল্প এলাকার বাইরে। মৃতদেহ দেখিয়ে প্রশাসনের কাছ থেকে আদায় করা হত ক্ষতিপূরণ। গ্রামবাসীরা দাবি করেছিলেন, তাঁরা স্বেচ্ছায় রাজি হতেন বাঘের খাদ্য হতে। তাতে গ্রামের বাকিদের হাতে টাকা উঠুক, এটাই নাকি চাইতেন।
advertisement
২০১৭ সালে পিলিভিটের এই ঘটনার কথা পড়েছিলেন সৃজিত। তখন থেকেই তাঁর মাথায় নতুন ছবির গল্পের বুনন শুরু। এই গল্পকে প্রহসনের আঙ্গিকে উপস্থাপন করেছেন সৃজিত। এর মাধ্যমে শহরের মানুষ জানবে, গ্রামে কী ভাবে বন্যপ্রাণীর সঙ্গে, প্রকৃতির সঙ্গে সম্মুখসমরে গিয়ে দিন কাটাতে হয়। ছবিতে পঙ্কজ ওরফে গঙ্গারাম স্বেচ্ছায় জঙ্গলে যেতে চায়, যাতে বাঘে তাকে খায়, এবং কাঁটাছেঁড়া দেহ দেখে সরকার তাদের টাকা দেয়।
advertisement
সৃজিতের এই ছবিতে পঙ্কজ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নীরজ কবি এবং সায়নী গুপ্ত। সৃজিত বললেন, ''নীরজ কেবল এক জন অভিনেতা নন, অভিনয়ের শিক্ষক বটে। অনেক কিছু শিখলাম তাঁর কাছ থেকে। অন্য দিকে সায়নীর ভাষা, অঙ্গভঙ্গি যে ভাবে বদলে গিয়েছিল তা দেখে আমি নিজেই খুব অবাক হয়েছি।''
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jun 20, 2022 7:21 PM IST









