মালদহের মোথাবাড়িতে এসআইআর বিক্ষোভের জেরে বিচারকদের আটকে পড়ার ঘটনার তদন্তভার এনআইএ-কে দিল নির্বাচন কমিশন৷ প্রথমে এই তদন্তের দায়িত্ব সিবিআই-কে দেওয়ার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত জাতীয় তদন্তকারী সংস্থাকেই বেছে নিল কমিশন৷ বুধবার মালদহ জেলার কালিয়াচক- ২ নম্বর ব্লকের সুজাপুর, মোথাবাড়ি-সহ একাধিক এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা কয়েক ঘণ্টা ধরে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের মূল সংযোগকারী ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। মোথাবাড়িতে কালিয়াচক- ২ নম্বর বিডিও অফিসের ভিতরে বিচারবিভাগের আধিকারিকদের ঘেরাও করে রাখা হয় বলেও অভিযোগ৷



