প্রচুর কর্মী সমর্থকের উপস্থিততে ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সঙ্গে নিয়ে ১১৭ নং জাতীয় সড়ক ধরে হেঁটে আসেন তিনি। সাংবাদিকদের কাছে তিনি জানান নমিনেশান দিতে আসার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কথা বলে আশীর্বাদ নিয়ছেন। তিনি আশীর্বাদ দিয়ে বিপুল ভোটে জিতে আসতে বলেছেন।
advertisement
এই সামিম আহমেদের উপর নজর রয়েছে সকলের। ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের হিংচাবেড়িয়া গ্রামে জন্ম সামিমের। বাবা অবসরপ্রাপ্ত শিক্ষাকর্মী। তিন ভাইয়ের মধ্যে সবথেকে ছোট সামিম। পড়াশোনায় ছিলেন মেধাবী। কলকাতার একটি বেসরকারি কলেজ থেকে এমবিএ পাশ করেছেন। তৃণমূলের তরুণ নেতা সামিম জানিয়েছেন, কলেজে পড়ার সময় থেকেই রাজনীতির প্রতি তাঁর টান ছিল। কলেজে তৃণমূল ছাত্র পরিষদ করতেন। পরে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি পান। কলেজ থেকে পাশ করার পরে সরিষা গ্রাম পঞ্চায়েত এলাকায় দলের সাংগঠনিক কাজে জড়িয়ে পড়েন।
শিক্ষিত, মিষ্টভাষী নেতা হিসেবে অল্পদিনের মধ্যেই তিনি এলাকায় ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁর সাংগঠনিক দক্ষতা দেখেই অভিষেক তাঁকে সরিষা অঞ্চলের দলীয় অবজার্ভার করে দেন। তারপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। রকেটের গতিতে তৃণমূলের দলীয় রাজনীতিতে উত্থান ঘটেছে তাঁর। এবার তিনি প্রার্থী। ফলে তাঁকে ঘিরে উচ্ছাস এই মুহূর্তে তুঙ্গে।





