সুন্দরবনের পরিবেশ রক্ষায় সারা বছর একাধিক পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কিন্তু বাস্তবে সবসময় সেগুলি মানা হয় না। বর্তমানে দূষণ সুন্দরবনের একটি জ্বলন্ত সমস্যা। জানা গিয়েছে, ইঞ্জিনচালিত নৌকার ধোঁয়া সুন্দরবনের আনাচে-কানাচে বিষ ছড়াচ্ছে। মাছ ও কাঁকড়া ধরার জন্য মৎস্যজীবীরা ছোট নৌকায় কাটা তেল ব্যবহার করে নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘোরেন। ফলে নৌকা চলাচলের সময় কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।
advertisement
এই ধোঁয়ার তেজ এতটাই, চোখ-মুখ জ্বালা করতে থাকে, নিঃশ্বাস নিতে সমস্যা হয়। এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। কারণ এতে শুধু সুন্দরবনের জীবকুলেরই ক্ষতি হচ্ছে না, বিপন্ন হচ্ছে পরিবেশ।
যদিও মৎস্যজীবীদের দাবি, জ্বালানির দাম অতিরিক্ত হয়ে যাওয়ায় তা আর তাঁরা কিনতে পারছেন না তাঁরা। পরিবর্তে কেরোসিনের সঙ্গে অন্য জ্বালানি মিশিয়ে নৌকা চালাচ্ছেন। এই তেল ব্যবহার করেই মৎস্যজীবীরা দিনের পর দিন নদী ও খাঁড়িতে ঘুরছেন। এতে চারপাশ যেমন ধোঁয়ায় ভরে যাচ্ছে, অপরদিকে ইঞ্জিন থেকে তেলের কিছু অংশ নদীতে গিয়েও মিশছে। এতে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর মারাত্মক ক্ষতি হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রবণতা ট্রলার বা বড় জলযানের ক্ষেত্রে দেখা যায় না। কারণ কাটা তেল বেশি ব্যবহার করলে ইঞ্জিনের ক্ষতি হয়। কিন্তু ছোট ছোট নৌকাগুলি সেসবের ধার ধারে না। প্রশাসন এই ব্যাপারে ব্যবস্থা নিলে তবেই পরিবেশ সুন্দর হবে বলে দাবি স্থানীয়দের।






