পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে বিশেষ করে অযোধ্যা পাহাড়, জয়চন্ডী পাহাড় ও গড় পঞ্চকোট-সহ জেলার অন্যান্য পর্যটনকেন্দ্রে পর্যটকরা পলাশের টানে ভিড় জমালেও প্রত্যাশিত সেই ফুলের দেখা মেলেনি। পাহাড়ের ঢালে, জঙ্গলের কোণে, যেখানে সাধারণত এই সময় পলাশের লাল আগুন জ্বলে ওঠে, সেখানে এই বছর রং যেন ফিকে। ফলে অনেক পর্যটকের মনেই নেমেছে হতাশার ছায়া।
advertisement
পলাশহীন পুরুলিয়া
স্থানীয়দের মতে, অনিয়মিত আবহাওয়া ও ঋতুচক্রের সময়ের অমিলই এর মূল কারণ। শীতের দীর্ঘস্থায়ী প্রভাব, হঠাৎ তাপমাত্রা পরিবর্তন কিংবা পর্যাপ্ত বৃষ্টির অভাব সব মিলিয়ে পলাশ ফুল ঠিকমতো ফোটেনি এইবার। বসন্তের সেই চিরচেনা রঙিন আবহ না থাকায় দোলের আনন্দেও যেন খানিকটা ফাঁক রয়ে গিয়েছে।
উৎসবের রঙ থাকলেও প্রকৃতির রঙে ঘাটতি স্পষ্ট। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত ও বাইরের রাজ্য থেকে আগত পর্যটকদের কথায়, “প্রতি বছর পলাশের সৌন্দর্য উপভোগ করতে আমরা পুরুলিয়ায় আসি। পাহাড় জুড়ে আগুন রাঙা ফুলের দৃশ্য আমাদের টানে। কিন্তু এ বছর এসে দেখছি, পলাশের দেখা নেই। সত্যিই মনটা একটু খারাপ হয়ে গেল।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে পলাশ না ফুটলেও পুরুলিয়ার প্রতি পর্যটকদের টান আজও অটুট। হয়তো প্রকৃতির এই অনিশ্চয়তাই মনে করিয়ে দেয়, সব রঙ একসঙ্গে ধরা দেয় না, কিছু রঙের জন্য অপেক্ষা করতেই হয়। আগামী বসন্তে আবারও আগুন রাঙা পলাশে সেজে উঠবে পাহাড়, এই আশাতেই ফিরে যাচ্ছেন পর্যটকেরা।





