মেলার প্রাঙ্গণে ডঙ্কাটির গর্জন শুনলেই যেন মনে হচ্ছে আকাশে মেঘ ডাকছে। বিশাল এই বাদ্যযন্ত্রের আওয়াজে মেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কেঁপে উঠছে পরিবেশ। লক্ষাধিক ভক্তের সমাগমের মাঝে কয়েক কুইন্টাল ওজনের এই ডঙ্কাটিই এবারের মেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে।
advertisement
উদ্যোক্তাদের জানান, কয়েক হাজার টাকা ব্যয় করে বিশেষভাবে তৈরি করা হয়েছে এই বিশাল ডঙ্কা। শুধু ডঙ্কাই নয়, সেটি বাজানোর জন্য ব্যবহৃত লাঠিটির ওজনও কয়েক কিলোগ্রাম। এত বড় বাদ্যযন্ত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে বিশেষ চাকা লাগানো ট্রলিরও ব্যবস্থা রাখা হয়েছে।
মালদা থেকে গাড়িতে করে ডঙ্কাটি নিয়ে আসা হয়েছে ঠাকুরনগরে। মেলায় আসা দর্শনার্থীরা কৌতূহল নিয়েই এই বিশাল ডঙ্কা দেখছেন এবং অনেকেই ছবি ও ভিডিও তুলে স্মৃতি বন্দি করছেন। সব মিলিয়ে এবারের বারুণী মেলায় এই বিশাল ডঙ্কাই হয়ে উঠেছে অন্যতম আকর্ষণ।





