জানা গিয়েছে, গত শুক্রবার রাতভর টানা বৃষ্টির জেরে হঠাৎ করেই মার্কেটের একটি অংশের ছাদ ভেঙে পড়ে। এই মর্মান্তিক ঘটনায় এক নৈশপ্রহরীর মৃত্যু হয় এবং গুরুতর জখম হন এক যুবক। ঘটনার পরই নড়েচড়ে বসে প্রশাসন ও বাজার কর্তৃপক্ষ। বাজার কমিটি ও মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ তারিখের মধ্যে সমস্ত দোকানপাট খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বহু ব্যবসায়ী তাঁদের দোকানের মালপত্র সরিয়ে নিতে শুরু করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দশক পুরনো এই মার্কেট ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। একসময় এখানে মূলত সবজি বিক্রেতারা ব্যবসা করতেন। পরে সেই বাজার অন্যত্র সরিয়ে নেওয়া হলেও, ধীরে ধীরে এখানে মুদিখানা ও অন্যান্য ছোট ব্যবসা গড়ে ওঠে এবং বহু দোকান ও গোডাউন তৈরি হয়।
advertisement
ঘটনার পর আতঙ্কিত ব্যবসায়ীদের একজন, দামোদর দাস বলেন, “যেকোনও সময় আবার ছাদ ভেঙে পড়তে পারে। এই ভয়েই দোকান গুটিয়ে নিচ্ছি। কয়েকদিন দোকান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। আপাতত টিনের ছাউনি করার কথা বলা হয়েছে।” একইসঙ্গে বাজারে আসা ক্রেতা কিশোর সেনের কথায়, “ছাদের অবস্থা খুবই খারাপ। প্রায়ই চাঙড় খসে পড়ছে। প্রাণের ঝুঁকি নিয়ে বাজার করতে আসতে হচ্ছে, খুবই ভয় লাগছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক জানান, “জেলাশাসকের সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত দোকান খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কেটের দায়িত্ব জেলা শিল্প কেন্দ্রের হাতে তুলে দেওয়া হয়েছে। ছাদ ভেঙে নতুন করে ছাউনি করতে প্রায় সাত দিন সময় লাগবে।”
প্রশাসনের এই সিদ্ধান্তে একদিকে যেমন নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, অন্যদিকে হঠাৎ বাজার বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আর্থিক অনিশ্চয়তাও দেখা দিয়েছে।





