উত্তর ২৪ পরগনা: এখন দৌড়ানোর যুগ। কেরিয়ার, জীবনের উন্নতির পথে দৌড়াতে গিয়ে যাদের হাত ধরে জীবনে প্রথম হাঁটতে শেখা, চলতে শেখা সেই মা-বাবাকেই ভুলে যাচ্ছে সন্তানরা। বৃদ্ধ বয়সে অভিভাবকদের জগৎ হয়ে উঠছে বৃদ্ধাশ্রম। সন্তানকে ছেড়ে বৃদ্ধাশ্রমের এই জীবন প্রায় কেউই খোলা মনে মেনে নিতে পারেন না। দোলে সেই বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল এক স্বেচ্ছাসেবী সংস্থা।
advertisement
স্বেচ্ছাসেবী সংগঠন সেতুর সদস্যরা দত্তপুকুর নরসিংহপুরের অবসর বৃদ্ধাশ্রমে গিয়ে বসন্ত উৎসব উদযাপন করলেন। এই নিয়ে দ্বিতীয় বছর সেখানকার বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে রঙের উৎসবে মাতল সেতু। শুধু একে অপরকে রং মাখানো নয়, ছিল নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও। পরিবার পরিজন ত্যাগ করে বৃদ্ধ-বৃদ্ধাদের বছরের পর বছর কাটে এখানে। সেই বিবর্ণ জীবনে রঙের ছোঁয়া লাগতেই আনন্দে চিকচিক করে উঠল এখানকার বয়স্ক আবাসিকদের চোখ।