জানা যাচ্ছে, চলতি মাসের ১৫ তারিখ থেকে দুর্গাপুর স্টিল টাউনশিপ এলাকার একাধিক জায়গায় বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। নোটিশ দিয়ে এমনই বিজ্ঞপ্তি দিয়েছে টাউন সার্ভিস অফ দুর্গাপুর স্টিল প্লান্ট। পর্যায়ক্রমিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে বিভিন্ন এলাকায়। সকাল ন'টা থেকে দুপুর দুটো পর্যন্ত বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে। কোন কোন এলাকায়, কবে কবে এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে, তার একটি তালিকা প্রকাশ করেছে টাউন সার্ভিস অফ দুর্গাপুর স্টিল প্লান্ট।
advertisement
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানানো হয়েছে টাউন সার্ভিস অফ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট এর তরফ থেকে। বলা হয়েছে,১১ কিলো ওয়াট ভোল্ট ট্রান্সমিশন, ট্রান্সফর্মার সহ বিদ্যুৎ বিতরনের বিভিন্ন কাজে রক্ষণাবেক্ষণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্পূর্ণ কাজ একবারে সম্ভব নয় বলে, ধীরে ধীরে এই রক্ষণাবেক্ষণের কাজ চালানো হবে। যে এলাকায় যেদিন যেদিন কাজ হবে, সেই দিনগুলিতে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। আগামীদিনের সুবিধার জন্য, বিদ্যুৎ বিভ্রাটের কয়েকদিন মানুষের কাছে সহযোগিতা আবেদন জানানো হয়েছে।
বি-জোনে চিত্রালয় সিনেমা, তিলক রোড, মহিস্কাপুর সংলগ্ন এলাকায় শুরু হবে প্রথম দিনের কাজ। ১৫ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত, পাঁচ দিন এখানে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হতে পারে। সিএমআরআই কলোনি, ভগৎ সিং সহ সি-জোনের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ ব্যাহত হতে পারে ২০ নভেম্বর থেকে। ২৩ নভেম্বর পর্যন্ত এখানে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। কনিষ্ক, এস এন ব্যানার্জি সহ এ-জোনের বিভিন্ন এলাকায় ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত, ৫ দিন বিদ্যুৎ সংযোগ ব্যাহত হতে পারে।
এ ছাড়াও ঘুরিয়ে-ফিরিয়ে এ-জোন, বি-জোন এবং সি-জোনের বিভিন্ন এলাকায় রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজ চলবে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই তিন মাস, দুই থেকে ছয় দিনের হিসেবে পর্যায়ক্রমিকভাবে বিদ্যুৎ সংযোগ ব্যাহত হওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তাছাড়াও মার্চ মাসের প্রথম সপ্তাহ চলবে মেরামতির কাজ। তারপর এই বিদ্যুৎ বিভ্রাটের হাত থেকে মুক্তি পাবে স্টিল টাউনশিপ এলাকা।
নয়ন ঘোষ






