এ দিন লখাই নস্কর ও সাথে দুই সঙ্গী লক্ষন সর্দার এবং সুজিত নস্কর কে নিয়ে মাছ কাঁকড়া ধরতে গিয়ে আবারো ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হয়। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় ওই কাঁকড়া শিকারী কে। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বেণীফেলি জঙ্গল লাগোয়া নদীর খাড়িতে। সকলেই কুলতলির গোপালগঞ্জ অঞ্চলের কৈখালী কাছারি বাজারের বাসিন্দা। সোমবার রওনা দিয়েছিলেন মাছ কাঁকড়া ধরতে। বৃহস্পতিবার সকালে কাঁকড়া ধরার দোন(চার) ফেলে নিজেরা যখন কাজে ব্যস্ত ছিলেন, সেই সময় আচমকাই ম্যানগ্রোভ জঙ্গলের ভেতর থেকে একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে তাদের উপর।
advertisement
নৌকার সামনের দিকে লখাই নস্কর থাকায়, তার ওপরই ঝাঁপিয়ে পড়ে বাঘ। মুহূর্তে চোখের সামনে বাঘের হামলা হতে দেখে বাকি দুইজন নৌকায় থাকা লাঠিসোটা ও বৈঠা নিয়ে বাঘের সামনে প্রতিরোধ গড়ে তোলে। সঙ্গীকে বাঁচাতে ক্রমশ বাঘ কে আঘাত করতে থাকেন বাকিরা। ভয়ে শিকার ছেড়ে প্রাণ বাঁচাতে জঙ্গলের মধ্যে পালিয়ে যায় বাঘ। এরপর রক্তাক্ত অবস্থায় লখাই কে উদ্ধার করে নিয়ে আসা হয় কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে।সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় চিকিৎসকরা তাকে জেলা হাসপাতাল স্থানান্তরিত করে দেয়।
অপরদিকে, ওই দলটি কুলতলি বিট অফিস থেকে বৈধ অনুমতিপত্র নিয়েই মাছ কাঁকড়া ধরতে গিয়েছিলেন বলে জানান। এক সপ্তাহে প্রায় দুবার বাঘের আক্রমণের শিকার হলেন মৎস্যজীবীরা। বাঘে আক্রান্ত পরিবারগুলি কোনরকম আর্থিক সাহায্য পাচ্ছে না বলে দাবি করা হয় এপিডিআর-র পক্ষ থেকে। পাশাপাশি বিকল্প জীবিকার ব্যবস্থা করার লক্ষ্যে সরকারের বিশেষ দৃষ্টি দেওয়া উচিত বলেও মনে করেন মানবাধিকার সংগঠনের সদস্যরা।
রুদ্র নারায়ন রায়






