পশ্চিমবঙ্গে তিন দিনের সফরে এসেছেন জ্ঞানেশ। ফুল বেঞ্চের সঙ্গে রয়েছেন আরও দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশীও। বঙ্গ সফরের দ্বিতীয় দিনে, মঙ্গলবার সকাল ৭টা নাগাদ জ্ঞানেশ বেলুড় মঠে যান। মূল মন্দির দর্শন করেন। তার পরে অধ্যক্ষ মহারাজ স্বামী গৌতমানন্দজি মহারাজের সঙ্গে কথা বলেন। প্রায় ৪৫ মিনিট তিনি মঠে ছিলেন।
advertisement
রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের সহযোগিতায়, সর্বত্র কেন্দ্রীয় বাহিনীর টহলদারি চলছে। মূলত এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর যাতে কোনওরকম অশান্তির বাতাবরণ তৈরি না হয়, সেইজন্যই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিন বেলুড় মঠ থেকে বেরিয়ে জ্ঞানেশ কুমার বলেন, ‘‘এ বারের নির্বাচনে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে দিকে নজর থাকবে। হিংসামুক্ত এবং শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।’’
বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বরে কালী মন্দিরের উদ্দেশে রওনা দেন জ্ঞানেশ কুমার, দেবী ভবতারিণীর পুজো দেন। সোমবার কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মুখ্য তিনি। সোমবার রাজ্যের পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠক করেন জ্ঞানেশ। বৈঠক করেন সব দলের সঙ্গেও।





