CPIM: বহিষ্কার বানানই ভুল! প্রতীক উর নিয়ে সিপিএমের বিবৃতিতেও বিভ্রাট, মেধা নিয়ে খোঁচা আর এক প্রাক্তনী ঋতব্রতর
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
সিপিএমের অন্দরের পরিস্থিতিকে দমবন্ধকর বলেও এ দিন দাবি করেছেন প্রতীক উর৷ তাঁর আরও দাবি, সিপিএমের অন্দরে এই পরিবেশের জন্য আসতে আসতে অনেকেই সরব হচ্ছেন৷
শনিবার বিকেলেপ্রতীক উর রহমান তৃণমূলে যোগ দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই তাঁকে বহিষ্কারের কথা ঘোষণা করে সিপিএম রাজ্য কমিটি৷ প্রতীক উরকে নিয়ে অস্বস্তিতে পড়ার পর এবার তাঁকে শাস্তি দিতে গিয়েও বিপাকে পড়ল আলিমুদ্দিন স্ট্রিট৷ কারণ প্রতীক উর রহমানকে বহিষ্কার করার সিদ্ধান্ত জানিয়ে যে লিখিত বিবৃতি দেওয়া হয়েছে, তাতে বহিষ্কার বানানই ভুল লেখা হয়েছে৷ বহিষ্কারের বদলে সেখানে লেখা রয়েছে বহিস্কার৷
সিপিএমের বিবৃতিতে এই বানান বিভ্রাট নিয়ে খোঁচা দিতে ছাড়েনি শাসক দল তৃণমূল কংগ্রেস৷ বানান ভুল নিয়ে সিপিএম নেতৃত্বকে খোঁচা দিয়েছেন দলেরই আর এক বহিষ্কৃত নেতা বর্তমানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷৷
সিপিএমের জারি করা ওই বিবৃতিতে বলা হয়, ‘গুরুতর দল বিরোধী কার্যকলাপে যুক্ত থাকা এবং শত্রু শিবিরে যোগ দেওয়ার অপরাধে পার্টি গঠনতন্ত্রের ১৯ নম্বর ধারার ১৩ উপধারা অনুযায়ী প্রতীক উর রহমানকে তৎক্ষণাৎ বহিস্কার করা হয়েছে৷’

advertisement
advertisement
সিপিএমের এই বিবৃতি সামনে আসতেই আসরে নামে তৃণমূল কংগ্রেস৷ বানান বিভ্রাট নিয়ে খোঁচা দিয়ে দলের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিজেপি বিরোধী লড়াইকে জোরদার করতে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রতীক উর রহমান তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷ তাঁর এই যোগদানের পর সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি একটি প্রেস বিবৃতি দিয়ে তাঁকে বহিষ্কার করেছে৷ সিপিএম নিজেদের মেধা চর্চার সর্বোচ্চ কেন্দ্র মনে করে৷ মহম্মদ সেলিমের জমানায় সিপিএমের মেধা চর্চার এত রমরমা প্রকৃতপক্ষে সিপিএমে নিম্ন মেধার চাষ হচ্ছে৷ নিম্ন মেধার তথাকথিত হোলটাইমারদের তুলে ধরার চেষ্টা চলছে৷ প্রতীক উর রহমানকে বহিষ্কার করার বিবৃতিতে সেটা আবারও প্রমাণিত হল৷ আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে সিপিএম প্রতীকূর রহমানকে বহিষ্কার করতে যে বিবৃতি দিয়েছে, তাতে বহিষ্কার বানানটাই ভুল৷ হাজার হাজার তেজি মেধা সম্পন্ন ঘোড়াকে নিয়ে নাকি আলিমুদ্দিন স্ট্রিট কাজ করছে, তারা নাকি বহিষ্কার বানানটাই ঠিক করে লিখতে পারছে না৷ চারদিকে এত মেধা রয়েছে, প্রেস বিবৃতিটা দেওয়ার আগে একবার কাউকে দেখিয়ে নিলে হত না? দয়া করে ওই প্রেস বিবৃতিতা সেলিম সাহেবরা পাল্টে নেবেন, এটাই আশা রাখি৷’
advertisement
যদিও সিপিএম নেতৃত্বের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে এই বানান ভুল নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ নতুন করে কোনও প্রেস বিবৃতিও এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত সিপিএমের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 21, 2026 9:45 PM IST









