RG Kar Case: 'আরও কয়েকজনের সরাসরি যোগ রয়েছে...সিবিআই, পুলিশের ভূমিকা খতিয়ে দেখা হোক', আরজি কর মামলায় কোর্টে নির্যাতিতার বাবা-মা
- Reported by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
আরজি কর ধর্ষণ এবং খুনের সাজা ঘোষণার পরেও নির্যাতিতার বাবা-মা জানিয়েছিলেন তাঁরা বিচার পাননি। প্রৌঢ় দম্পতির দাবি, অপরাধে এক নয়, একাধিক ব্যক্তি জড়িত
কলকাতা: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় শিয়ালদহ আদালতের দ্বারস্থ নির্যাতিতার বাবা-মা। খুন এবং ধর্ষণের মামলায় তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। তাঁদের আইনজীবী জানান, পুলিশ এবং সিবিআই— উভয়ের ভূমিকাই খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন তাঁরা। মঙ্গলবার শিয়ালদহ আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে যান নির্যাতিতার বাবা-মা। সূত্রের খবর, এদিন এসিজেএম এমন কয়েকজনের নাম উল্লেখ করেন, যাঁদের এই ঘটনার সঙ্গে যোগ আছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, সুপ্রিম কোর্টে সিবিআই যে রিপোর্ট দিয়েছে, তাতে বেশ কিছু তদন্তের দিক রয়েছে, যা নিয়ে সিবিআই কোনও পদক্ষেপ করছে না, এমন অভিযোগ এনে মঙ্গলবার শিয়ালদহ আদালতে আবেদন জানিয়েছেন নির্যাতিতার বাবা-মা। আগামী দিনে তাঁদের আবেদনের শুনানি হবে।
মঙ্গলবার নির্যাতিতার বাবা-মা দু’জনেই শিয়ালদহে আদালতে যান। তাঁদের আইনজীবীও ছিলেন সঙ্গে। নিহত মহিলা চিকিৎসকের বাবা-মায়ের বক্তব্য, কিছু বিষয় তদন্ত করে দেখা দরকার। সেগুলি যাতে তদন্ত করে দেখা হয়, তাঁরা সেই আবেদন জানান কোর্টে। এই আবেদনের ভিত্তিতে পরবর্তী সময়ে শুনানি হবে বলে জানা যাচ্ছে। কলকাতা পুলিসের ASI অনুপ দত্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, এই মর্মে আদালতে আবেদন নির্যাতিতার বাবা মায়ের। তাঁদের অভিযোগ, সিবিআই এই ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের অন্যতম অংশীদার। ঘটনার সময় যারা যারা উপস্থিত ছিল, তারা-সহ আরও বেশ কয়েকজনের সন্দেহজনক আচরণ নিয়ে মঙ্গলবার আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। সোমবার নির্যাতিতার বাবা-মা সিবিআই-কে তা তাদের তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষের কথা জানিয়ে দিয়েছেন। মঙ্গলবার আদালতে সরাসরি বিষয়টি জানান। মঙ্গলবার দুপুরেই শুনানির সম্ভাবনা।
advertisement
আরজি কর ধর্ষণ এবং খুনের সাজা ঘোষণার পরেও নির্যাতিতার বাবা-মার অভিযোগ, তাঁরা বিচার পাননি। প্রৌঢ় দম্পতির দাবি, অপরাধে এক নয়, একাধিক ব্যক্তি জড়িত। সেই নিয়ে এখনও মামলা চলছে। নির্যাতিতার বাবার দাবি, আরজি কর-কাণ্ডের ডিএনএ রিপোর্টে একাধিক ব্যক্তির জড়িত থাকার প্রমাণ মিলেছে। কিন্তু তদন্ত সেই পথে এগোয়নি। তাঁর স্ত্রী বলছেন, মেয়ের পরিণতিতে তৎকালীন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় একা দোষী নয়, তার সঙ্গে অপরাধে জড়িত ছিল আরও কয়েক জন।
advertisement
advertisement
নির্যাতিতার বাবা-মায়ের অভিযোগ, দিনের পর দিন শুনানির জন্য আরজিকর মামলা লিস্টে আসলেও শুনানি হচ্ছে না। তাঁদের করা মামলা প্রতিদিন তালিকায় আসলেও, পরের দিকে থাকায় শুনানি হচ্ছে না। বাধ্য হয়েই হাই কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হন আরজি করের নির্যাতিতার বাবা মা। এনিয়ে তাঁরা কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতিকে চিঠিও দিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 17, 2026 11:44 AM IST










