BJP Candidates List: বিজেপির দ্বিতীয় দফাতেও নাম নেই পানিহাটির! অভয়ার মা'ই কি বিজেপি প্রার্থী? বেড়ে গেল ধোঁয়াশা
- Reported by:Susmita Mondal
- Published by:Suman Biswas
Last Updated:
BJP Candidates List: পানিহাটি কেন্দ্র থেকে কে দাঁড়াচ্ছেন বিজেপির হয়ে? এখনও অব্যাহত ধোঁয়াশা। তবে কি অভয়ার মা'ই হবেন ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী?
কলকাতা: বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থী হওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করেছেন আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা৷ এ দিন নিজেই সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন অভয়ার মা৷ তাঁর দাবি, তিনি নিজেই বিজেপি নেতৃত্বকে ফোন করে তাঁর এই ইচ্ছের কথা জানিয়েছেন৷ অভয়ার মায়ের দাবি, তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর জন্য বিজেপি-কেই তাঁরা প্রধান বিকল্প হিসেবে মনে করছেন৷ কিন্তু বৃহস্পতিবার বিকেলে ১১১ জনের যে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি, তাতে পানিহাটি কেন্দ্রের নাম নেই।
খুব স্বাভাবিক ভাবেই জল্পনা তৈরি হয়েছে, কেন পানিহাটিকে এখনও বাদ রাখা হল? তবে কি, প্রার্থী নিয়ে এখনও দোটানায় রয়েছেন বিজেপি নেতৃত্ব? অভয়ার পরিবার সূত্রে খবর, অভয়ার মা পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চেয়ে নিজেই যোগাযোগ করেছিলেন বিজেপি নেতৃত্বের সঙ্গে। আরজি করের নিহত চিকিৎসক অভয়ার মা, বাবা তাঁদের মেয়েদের বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছিলেন। কিন্তু বিচার এখনও মেলেনি।
advertisement
advertisement
এছাড়া কিছুদিন আগেই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তাঁদের বাড়িতে এসেছিলেন। পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। তবে দু পক্ষের কেউই স্পষ্ট করে কিছু জানাননি যে কী নিয়ে কথা হয়েছিল। অর্জুন সিংহের পক্ষ থেকে বলা হয়েছিল যে পরিবারের খোঁজ নেওয়ার জন্যই তিনি এসেছিলেন। অভয়ার মা-বাবার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেছিলেন অর্জুন সিং।
advertisement
এর আগে তৃণমূলের পক্ষ থেকে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, সেখানে পানিহাটি থেকে প্রার্থী হয়েছেন নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ। এছাড়া সিপিএমের পক্ষ থেকে এই এলাকায় প্রার্থী হয়েছেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ কলতান দাশগুপ্ত। এই প্রেক্ষাপটে অভয়ার মা যদি বিজেপির হয়ে ভোটে দাঁড়ান, তবে কিন্তু তা নিঃসন্দেহে শোরগোল ফেলে দেওয়ার মতই ঘটনা হতে পারে। কিন্তু কেন পানিহাটিতে এখনও প্রার্থী ঘোষণা করল না বিজেপি, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 19, 2026 6:05 PM IST









