কাঁধে গুরুদায়িত্ব থাকলেও ওই ৭ জওয়ান নিমন্ত্রণরক্ষা করেছিলেন। তাই নেমে এল শাস্তির খাঁড়া। মুর্শিদাবাদে কর্মরত অবস্থায় এক ব্যক্তির বাড়িতে নেমন্তন্ন খেতে গিয়ে শাস্তি পেলেন ৭ জওয়ান। ইতিমধ্যেই তাঁদের সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুনঃ করণদিঘিতে রক্তারক্তি কাণ্ড! স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে খু*নের অভিযোগ, ঘর থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ
advertisement
জানা গিয়েছে, ওই ৭ জওয়ান মুর্শিদাবাদের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোটের দায়িত্বে থাকা অবস্থায় এভাবে সামাজিক অনুষ্ঠানে যাওয়া নিয়মবিরুদ্ধ, সেটা স্পষ্ট জানিয়েছে কমিশন। অভিযুক্তদের মধ্যে ২ জনকে প্যারামিলিটারি বিধি অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর হেফাজতে রাখা হয়েছে এবং বাকি ৫ জনকে রাজ্যের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ৭ জনের বিরুদ্ধেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
কমিশনের তরফে জানানো হয়েছে, ডিউটিরত অবস্থায় কোনও রকম আতিথেয়তা বা সুবিধা গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ। এই ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে ভবিষ্যতের প্রশিক্ষণেও ব্যবহার করা হচ্ছে বলে সূত্রের খবর। জওয়ানদের রুটমার্চের সময়েও কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছিল, ভোটের কাজে এসে জওয়ানদের বিরুদ্ধে সাধারণের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ উঠলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তারপরেও সামনে আসে এই ঘটনা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ যৌথ ভাবে নাকা তল্লাশি, রুটমার্চ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি চালাচ্ছে। আগামী ৩১ মার্চের মধ্যে রাজ্যে আসছে আরও ৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বহরমপুরে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন জেলাশাসক। এই রকম ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রয়েছে নির্বাচন কমিশনের।






