North Dinajpur News: বন্দুক দেখিয়ে বিহার থেকে অপহরণ! গাড়ি চালকের বুদ্ধির জোরে বাঁচলেন ব্যবসায়ী, পাঞ্জিপাড়া থেকে উদ্ধার
- Published by:Sneha Paul
Last Updated:
North Dinajpur News: গাড়ির চাবি কেড়ে, বন্দুক দেখিয়ে বিহারের ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়। চালকের বুদ্ধির জোরে বড় বিপদ থেকে রক্ষা পান তিনি। অপহরণকারীদের হাত থেকে ব্যবসায়ীকে উদ্ধার করে ইসলামপুর থানার পুলিশ।
ইসলামপুর, উত্তর দিনাজপুরঃ মঙ্গলবার রাতে বিহার থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করেছিল একদল দুষ্কৃতী। বন্দুক দেখিয়ে, গাড়ির চাবি কেড়ে নিয়ে ওই ব্যবসায়ী এবং তাঁর গাড়ির চালককে অপহরণ করা হয়। তবে এতকিছুর পরেও শেষরক্ষা হল না। চালকের বুদ্ধির জোরে অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেলেন বিমল কুমার শাহ নামে ওই পাইকারি ধান ব্যবসায়ী। সেই সঙ্গেই বেশ কয়েকজন অপহরণকারীকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, কিশনগঞ্জের ঝালা গ্রাম পঞ্চায়েতে বাড়ি অপহৃত ব্যবসায়ীর। গতকাল সন্ধ্যায় একটি রাইস মিল থেকে ৫ লক্ষ টাকা এবং চেক নিয়ে গাড়িতে করে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। রাস্তাতেই ঘটে বিপত্তি।
আরও পড়ুনঃ হুগলিবাসীর জন্য সুখবর! রাস্তায় রাস্তায় ঘুরবে ‘নির্বাচনী ট্যাবলো’, ভোটার সচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ
মোতিবাগ চকের কাছে কয়েকজন দুষ্কৃতী বিমলদের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। এরপর ওই ব্যবসায়ী এবং তাঁর গাড়ির চালক পাপ্পু মন্ডলকে অপহরণ করা হয়। তবে তাঁদের নিয়ে আসার সময় অপহরণকারীদের হাত থেকে পালাতে সক্ষম হয় পাপ্পু। এরপর তড়িঘড়ি অপহৃত ব্যবসায়ীর পরিজনদের সবটা জানান।
advertisement
advertisement
অন্যদিকে বিহারের ওই ধান ব্যবসায়ীকে পাঞ্জিপাড়ার একটি হোটেলের ঘরে আটকে রাখেন দুষ্কৃতীরা। অভিযোগ, তাঁকে মারধর করা হয়। সেই সঙ্গেই চেকেও সই করানো হয়।
পাপ্পুর থেকে অপহরণের খবর পেয়ে বিমলের পরিজনেরা ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে ভিড় দেখে ইসলামপুর থানার পুলিশ হানা দিয়ে সবটা জানতে পারে। সঙ্গে সঙ্গে কয়েকজন অপহরণকারীকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গেই বাজেয়াপ্ত করা হয়েছে দু’টি গাড়ি। এই ঘটনায় যৌথভাবে তদন্তে নেমেছে ইসলামপুর থানা ও কিশনগঞ্জ সদর থানা।
Location :
Uttar Dinajpur,West Bengal
First Published :
Mar 25, 2026 9:22 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Dinajpur News: বন্দুক দেখিয়ে বিহার থেকে অপহরণ! গাড়ি চালকের বুদ্ধির জোরে বাঁচলেন ব্যবসায়ী, পাঞ্জিপাড়া থেকে উদ্ধার











