Panihati BJP Candidate Reaction: বাড়ির বাইরে বিজেপি কর্মীদের উল্লাস, পতাকা লাগালেন বাবা! পানিহাটির প্রার্থী হয়ে কী বললেন অভয়ার মা?
- Published by:Debamoy Ghosh
Last Updated:
কয়েক দিন আগেই অভয়ার মা জানিয়েছিলেন, তিনি পানিহাটি কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থী হতে চান৷ অভয়ার মা জানিয়েছিলেন, তিনি নিজেই ফোন করে বিজেপি নেতৃত্বের কাছে প্রার্থী হওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন৷
সুবীর দে, সোদপুর: পানিহাটিতে যে তিনিই বিজেপি প্রার্থী হতে পারেন, সেই সম্ভাবনা ছিলই৷ বুধবার পানিহাটি কেন্দ্রে বিজেপি-র প্রার্থী হিসেবে অভয়ার মায়ের নাম ঘোষণা করার পরই তাঁদের বাড়ির সামনে উল্লাসে ফেটে পড়লেন বিজেপি কর্মী সমর্থকরা৷ নিজে হাতে বাড়ির বাইরে বিজেপি-র পতাকা লাগালেন অভয়ার বাবাও৷
এ দিন পানিহাটি কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে অভয়ার মায়ের নাম ঘোষণা করে বিজেপি৷ প্রার্থী হওয়ার পর অভয়ার মা বলেন, প্রার্থী হওয়াটা আমার কাছে অনেক যন্ত্রণার, অনেক কষ্টের৷ আমি জিতলে পানিহাটিবাসীর জয় হবে৷ লড়াইটা হয়তো আমি করব, কিন্তু জিতবে পানিহাটির মানুষই৷ আমার মেয়ে রোগীদের দেখে এসে বলত, মা কারও কাছে কিছু চাইতে নেই, দিতে হয়৷ সুযোগ পেলে আমিও সেই চেষ্টাই করব৷
advertisement
কয়েকদিন আগে বিজেপি-র প্রার্থী হতে চাওয়ার কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, মেয়ের জন্য ন্যায়বিচার পেতে হাতে ক্ষমতা প্রয়োজন৷ এ দিন অবশ্য প্রার্থী হওয়ার পর অভয়ার মা বলেন, বিচার আমি পাবো সেই মানসিক দৃঢ়তা আমার আছে৷ সেই রাতে আমার মেয়ে যে যন্ত্রণা পেয়েছিল, শুধু হয়তো মা-বাবার নাম ধরে চিৎকার করে গিয়েছে৷ আমি মানুষের সেবা করতে পারলে হয়তো আমার মেয়েও খুশি হবে৷

advertisement
advertisement
অভয়ার মা জানিয়েছেন, পানিহাটি কেন্দ্র থেকে জয় পেলে সবার আগে নারী সুরক্ষার উপরেই জোর দিতে চান তিনি৷ পাশাপাশি রাস্তার বেহাল অবস্থা, নিকাশী সমস্যা, জঞ্জাল অপসারণের মতো পানিহাটি এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলির তিনি সমাধান করতে চান বলেও জানিয়েছেন অভয়ার মা৷
পানিহাটি কেন্দ্রে এবার বর্তমান বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে প্রার্থী করেছে তৃণমূল৷ অন্যদিকে বামফ্রন্টের প্রার্থী হিসেবে লড়ছেন সিপিএমের কলতান দাশগুপ্ত৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 25, 2026 9:28 PM IST











