পুরুলিয়ার ঝালদা দুই নম্বর ব্লকের কলমা গ্রাম পঞ্চায়েতের গুরিডি গ্রাম। সেখানেই সুবর্ণরেখা নদী সংলগ্ন এলাকায় পাথুরে চাটানের মাঝে লুকিয়ে রয়েছে এক প্রাকৃতিক প্রস্রবণ। সেখানে প্রায় দেড়-দু’ফুট চওড়া এক কুণ্ড রয়েছে যেখানে সারাবছরই জল থাকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রীষ্মের জল ঠান্ডা থাকলেও, শীতকালে সেই জল হয়ে ওঠে মনোরম উষ্ণ।বছরের পর বছর ধরে পশু চরাতে বা চাষের কাজে আসা গ্রামবাসীরা এই জল পান করেই তৃষ্ণা মেটান। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, সারা বছরই এখানে জল পাওয়া যায়।
advertisement
এই জলটি তারা পানীয় জল হিসাবে ব্যবহার করে থাকেন। ঋতু অনুসারে জলের তাপমাত্রা পরিবর্তন হয়। তবে জলের উৎপত্তি কবে হয়েছে তা তাদের জানা নেই। এ বিষয়ে ভূ-বিজ্ঞানী ডঃ বিশ্বজিৎ বেরা বলেন, এটি কোনও ম্যাজিক নয়। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। এটি একটি ‘জিওথার্মাল ন্যাচারাল হট স্প্রিং’। মাটির গভীর ফাটল দিয়ে জল চুঁইয়ে নিচের দিকে চলে যায় ফলে ভূ-গর্ভস্থ তাপে তা গরম হয়ে বুদবুদ আকারে বেরিয়ে আসে। এই জলে সালফার ও খনিজ থাকার সম্ভাবনা থাকায় তা চর্মরোগ নিরাময়েও সহায়ক হতে পারে।
প্রচারের আলোয় সে-ভাবে আসেনি এই প্রস্রবণ। তাই পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয়তা পায়নি এই এলাকা। তবে গ্রামবাসীদের একাংশের মত যদি প্রশাসন উদ্যোগ নেয়, তাহলে পুরুলিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে এই জায়গাটি জনপ্রিয়তা লাভ করবে।





