বিজেপি প্রার্থী ও বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের আড়গোয়াল এলাকা। পটাশপুরের আড়গোয়াল ব্রিজের ওপর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। তাদের দাবি ভগবানপুরের বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিকের নেতৃত্বে একটি বিশাল বাইক মিছিল আড়গোয়াল থেকে শ্বাসতমালের দিকে যাওয়ার সময় তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা হামলা চালায়। দুপুরে এই ঘটনার পর রবিবার বিকাল নাগাদ পটাশপুরে ভোট পরিচালনা প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল।
advertisement
মেঘলা আকাশ থাকায় মাঝে বৃষ্টি নামে। সেই অবস্থাতেই ছাতা মাথায় নিয়ে এলাকা পরিদর্শন করেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যা শোনেন। জিজ্ঞেস করেন ভোটের আগে কেউ ভয় দেখাচ্ছেন কিনা। ভোটারদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেন।
সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন। এরপর পটাশপুরে পৌঁছন। সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক নিরঞ্জন কুমার-সহ অন্য আধিকারিক। নির্বাচনের আগে ও পরে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা থাকবে বলে জানান। সাধারণ মানুষকে ভয় না পাওয়ার বার্তা দেন তিনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়া নজরদারির আশ্বাসও করা হয়।





