বাগদা বিধানসভার বিজেপি প্রার্থী হিসেবে গত কয়েকদিন ধরেই সম্ভাব্য প্রার্থীদের একাধিক নাম ঘোরাফেরা করছিল। তবে শেষ পর্যন্ত সোমা ঠাকুরের নাম ঘোষণায় স্পষ্ট হয়েছে বিজেপির কৌশল। মতুয়া অধ্যুষিত এই কেন্দ্রে ঠাকুর পরিবারের প্রভাবকে কাজে লাগাতেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
advertisement
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে গত উপ নির্বাচনে জয়ী হওয়া মধুপর্ণা ঠাকুর কে। ফলে এই কেন্দ্রের লড়াই এবার বিশেষ মাত্রা পেয়েছে পারিবারিক সমীকরণের কারণে। কারণ, মধুপর্ণা ঠাকুর সম্পর্কের দিক থেকে সোমা ঠাকুরের ছোট ননদ এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বোন। ফলে বাগদা বিধানসভায় এবারের নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না, বরং তা রূপ নিচ্ছে এক অনন্য ননদ-বৌদির প্রতিদ্বন্দ্বিতায়।
সোমা ঠাকুর এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে ময়দানে নামছেন। ঠাকুরবাড়ির পরিবারের দুই সদস্য একই বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ায় নতুন সমীকরণ ইতিমধ্যেই এলাকার ভোটারদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। অতীতে দেখা গিয়েছে উপনির্বাচনে লড়াই করে, বাগদা থেকে জয়ী হন মধুপর্না। এবার বাগদার নির্বাচনী ক্ষেত্রে সেই ঠাকুরবাড়ির ২ সদস্য মধুপর্না ঠাকুর এবং সোমা ঠাকুর নির্বাচনী লড়াই লড়বেন। ইতিমধ্যেই তৃণমূল প্রার্থী মধুপর্ণা, জোরকদমে শুরু করেছেন প্রচার। অপরদিকে, সোমা ঠাকুর দ্রুত প্রচারে নামবেন বলেই জানা গিয়েছে। এখন দেখার, শেষ হাসি কে হাসেন, সোমা না মধুপর্ণা!





