রবিবার বিকেলে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দিঘরি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শিশুদের নাম আহিল আক্তার (৬) এবং সমীর শেখ(৯)। তাদের মধ্যে সমীরের বাড়ি দিঘরি এবং আহিলের বাড়ি ঘনেশ্যামপুর গ্রামে।
advertisement
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে কয়েকজন যুবক একটি চার চাকা গাড়ি নিয়ে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। গাড়ির ড্রাইভার সিটে বসেছিল এক নতুন যুবক। যে ওই সময় গাড়ি চালানো শিখছিল। হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খেলতে থাকা কয়েকজন শিশুকে সজোরে ধাক্কা মারে। তারা দোকানে পাশেই বসেছিল। ধাক্কার ঘটনায় মুহূর্তের মধ্যেই এলাকায় চিৎকার-চেঁচামেচি শুরু হয় এবং স্থানীয় মানুষ দ্রুত ছুটে এসে আহত শিশুদের উদ্ধার করেন। গুরুতর জখম অবস্থায় তাদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় অনুপনগর গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা আহিল আক্তারকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: আরজি করে লিফটে মৃত্যুর কারণ কি যান্ত্রিক বিভ্রাট? প্রাথমিক অনুসন্ধানে বিস্ফোরক তথ্য
আহত বাকি চার শিশুর চিকিৎসা শুরু হয়। যদিও তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হয় তাদেরকে জঙ্গিপুর ও পরে বহরমপুরে রেফার করা হয়। কিন্তু পরক্ষণেই মৃত্যু হয় সমীর শেখ নামে আরও এক শিশুর। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটিকে আটক করে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় এলাকাজুড়ে। তীব্র ক্ষোভে ফুঁসতে থাকেন এলাকাবাসী।
