বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট গ্রামে প্রচারে গিয়ে একটি বাড়ি নির্মাণের কাজের মধ্যে নিজেই হাত লাগান রতন দাস। স্থানীয় একটি কালী মন্দিরে পুজো দেওয়ার পর তিনি দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে এলাকায় ঘুরে প্রচার চালান। সেই সময় একটি বাড়িতে রাজমিস্ত্রির কাজ চলতে দেখে তিনি শ্রমিকদের সঙ্গে সিমেন্ট-বালি মিশিয়ে ইটের গাঁথুনির কাজে অংশ নেন। রতন দাস বলেন, ”কোনও কাজই ছোট নয়। আমি অনেক কষ্ট করে বড় হয়েছি, পরে দীর্ঘদিন সেনাবাহিনীতে কাজ করেছি। সব ধরনের কাজ করার অভ্যাস আছে। আজ মিস্ত্রি-মজুরদের সঙ্গে কাজ করে নতুন অভিজ্ঞতা হল।”
advertisement
তবে বিজেপি প্রার্থীর এই উদ্যোগকে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূল প্রার্থী মতিবুর রহমান বলেন, “বিজেপি প্রার্থী নাটক করছেন। শ্রমিক কাকে বলে আমরা জানি। আমি নিজে দীর্ঘদিন পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেছি, মানুষের দুঃখ-কষ্ট খুব কাছ থেকে দেখেছি। এই নাটক মানুষ বুঝে নেবে।”
নির্বাচনের মুখে ভিন্ন পটভূমির প্রার্থীদের এই লড়াই ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে। এই কেন্দ্রে সিপিআই(এম)-এর প্রার্থী হিসেবে রয়েছেন শেখ খলিল। যদিও কংগ্রেস এখনও তাদের প্রার্থী ঘোষণা করেনি, তবে সব মিলিয়ে চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা ক্রমশ জোরদার হচ্ছে।





