সকাল থেকেই মহাকাল ধামে শিবরাত্রি উপলক্ষে ভক্তদের ভিড় যাতে বনপথে না বাড়ে, সেই বার্তা মাইকে প্রচার করছিল লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীরা। এরই মাঝে বেলা ৩ টে নাগাদ আপন মনে সড়ক ধরে বেরিয়ে পড়ে একটি পূর্ণবয়স্ক হাতি। ঠিক সেই সময় চালসা থেকে জলপাইগুড়িগামী দ্রুতগতির যাত্রীবোঝাই বাস দেখে উত্তেজিত হয়ে পড়ে গজরাজ। হাতিটি রাস্তার মাঝখানে রুখে দাঁড়াতেই দু’দিকের যান চলাচল থমকে যায়। কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয় যানজট, ছড়িয়ে পড়ে আতঙ্ক। বাস ও গাড়ির ভিতরে আটকে পড়া যাত্রীরা দুশ্চিন্তায় পড়ে যান- কখন স্বাভাবিক হবে পরিস্থিতি?
advertisement
হাতির উপস্থিতির খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় লাটাগুড়ি বন বিভাগের বিশেষ স্কোয়াড। সাইরেন বাজানো হয়, নিয়ম মেনে পটকা ফাটিয়ে ধীরে ধীরে গজরাজকে জঙ্গলের দিকে ফিরিয়ে দেওয়া হয়। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং স্বাভাবিক হয় যান চলাচল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বন দফতর সূত্রে জানানো হয়েছে, জঙ্গলঘেঁষা রাস্তায় দ্রুত গাড়ি চালানো হাতিদের উত্তেজিত করে তোলে। তাই এই এলাকায় চলাচলের সময় গতি নিয়ন্ত্রণ ও সতর্কতা অবলম্বন করার আবেদন জানানো হয়েছে সাধারণ মানুষ ও পর্যটকদের কাছে।





