রাস্তায় হাঁটতে হাঁটতে একটি বাড়ির উঠোনে চোখে পড়ে কয়েকজন পড়ুয়াকে নিয়ে টিউশন পড়াচ্ছেন এক গৃহশিক্ষিকা। আর সেই দৃশ্য দেখে নিজেকে আটকাতে পারেননি প্রার্থী। পড়ুয়াদের মাঝে বসে নিজেই পড়া দেখাতে শুরু করেন তিনি। শুধু পড়ানোই নয়, শিক্ষিকার সঙ্গে কথাও বলেন তনুশ্রী হাঁসদা। জানতে চান তাঁর পড়াশোনা, প্রশিক্ষণ, এমনকি পড়ুয়াদের মিড-ডে মিল ঠিক মত পাচ্ছে কিনা তাও খোঁজ নেন।
advertisement
তনুশ্রী হাঁসদা বলেন, আমি পেশায় একজন অধ্যাপিকা হওয়ায় পড়ানোর প্রতি আলাদা টান রয়েছে।যেখানেই সুযোগ পাই, পড়াতে ভাল লাগে। অনেকদিন পড়ানোর জায়গা থেকে সরে আছি, তাই মনের একটা খিদে ছিল। এখানে এসে সেটা কিছুটা পূরণ হল।
তিনি আরও জানান, ছোটদের পড়াশোনার আগ্রহ দেখে ভাল লেগেছে এবং তাদের ভবিষ্যতে বড় হওয়ার জন্য উৎসাহ দিয়েছেন।গৃহশিক্ষিকা প্রতিমা হালদারও এই ঘটনায় খুশি। তার কথায়, “উনি প্রচারে বেরিয়ে আমার পড়ানো দেখতে পেয়ে নিজেই এসে বসে পড়লেন। আমার পড়াশোনা, ট্রেনিং নিয়ে জানতে চাইলেন এবং বাচ্চাদের খোঁজখবর নিলেন। এটা দেখে খুব ভাল লাগল।”
তনুশ্রী হাঁসদার এই ছোট্ট উদ্যোগ শুধু প্রচারের অংশ নয়, বরং মানুষের সঙ্গে হৃদয়ের সম্পর্ক গড়ে তোলার এক সুন্দর দৃষ্টান্ত বলেই দাবি দলীয় কর্মীদের। তাঁদের কথায়, “খাতড়ার ছোট্ট উঠোনে কিছুক্ষণের জন্য যেন নির্বাচনী প্রচার থেমে গিয়ে জায়গা করে নিয়েছিল শিক্ষার আলো আর আন্তরিকতার ছোঁয়া—”।
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়





