Kalna Hospital: চিকিৎসা করাতে এসে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা, দেরিতে আসছেন ডাক্তার! কালনা হাসপাতালের বহির্বিভাগে রোগীদের ভোগান্তি চরমে
- Reported by:Bonoarilal Chowdhury
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Kalna Hospital: কালনা মহকুমা হাসপাতাল এবং কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের বহির্বিভাগ পরিষেবা ঘিরে রোগীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। অভিযোগ, দেরিতে আসছেন চিকিৎসক। ফলে পরিষেবা বিলম্বিত হচ্ছে।
কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: সকাল ন’টায় বহির্বিভাগ চালু হওয়ার কথা থাকলেও বাস্তবে তা নিয়মিতই দেরিতে শুরু হচ্ছে, এমনই অভিযোগ উঠছে কালনা মহকুমা হাসপাতাল এবং কালনা সুপার স্পেশালিটি হাসপাতালকে ঘিরে। একই চত্বরে অবস্থিত এই দুই সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল পূর্ব বর্ধমানের (East Bardhaman) বিস্তীর্ণ এলাকা ছাড়াও লাগোয়া হুগলি জেলা ও নদিয়া জেলার বহু মানুষ।
চিকিৎসার জন্য আসা রোগী ও তাঁদের পরিজনেরা বহির্বিভাগ পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ শুরু করেছেন। অভিযোগ, সকাল ন’টার বদলে অধিকাংশ দিনই সোয়া ১০টা থেকে সাড়ে ১০টার আগে পরিষেবা শুরু হয় না। এমনকি টিকিট কাউন্টারও নির্ধারিত সময় সকাল আটটার পরিবর্তে প্রায়ই সোয়া ন’টার আগে খোলে না। ফলে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকা রোগীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ ভোটের মুখে দুষ্কৃতী কর্মকাণ্ডের বাড়বাড়ন্ত! বারুইপুর কুড়ি নম্বর রেলগেটের কাছে পরিত্যক্ত ঘরে গোপন ডেরা, আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ১
হাড়ের চিকিৎসককে দেখাতে আসা সন্তোষী মণ্ডল বলেন, “দীর্ঘক্ষণ অপেক্ষা করছি। প্রায় রোজই চিকিৎসক দেরিতে আসেন।” পাশাপাশি হাসপাতাল থেকে সব ওষুধ না পাওয়ার অভিযোগও উঠেছে। আর এক রোগী মনোজিৎ বিশ্বাস জানান, “চিকিৎসক তিনটি ওষুধ লিখেছিলেন, একটি হাসপাতালে পেলেও বাকি দু’টি বাইরে থেকে কিনতে হচ্ছে।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ পোস্ট অফিসে জাল শংসাপত্র দেখিয়ে চাকরির আবেদন! বারুইপুরে গ্রেফতার কোচবিহারের যুবক, জালিয়াতি চক্রের খোঁজে পুলিশ
শুধু বহির্বিভাগ নয়, ভর্তি রোগীদের পরিজনদের মধ্যেও ক্ষোভ রয়েছে। মেডিসিন বিভাগে ভর্তি তাপস বিশ্বাসের মেয়ে তনুশ্রী অভিযোগ করেন, “শনিবার ভর্তি করার পর সোমবার পর্যন্ত মাত্র দু’বার চিকিৎসক দেখেছেন। রবিবার রাতে সমস্যা বাড়লেও চিকিৎসক আসেননি।” অন্যদিকে, এক রোগীর আত্মীয় মীরাজুল শেখ জানান, সাতটি পরীক্ষার মধ্যে বেশিরভাগই বাইরে থেকে করাতে বলা হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর মধ্যেই কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে লিফ্ট বিকলের ঘটনাও সামনে এসেছে। জানা গিয়েছে, একটি লিফ্টে এক চিকিৎসক প্রায় দশ মিনিট আটকে ছিলেন, পরে তাঁকে নিরাপদে উদ্ধার করা হয়। এ প্রসঙ্গে হাসপাতালের সুপার চন্দ্রশেখর মাইতি বলেন, “এই ধরনের অভিযোগ আমাদের কাছে আসেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রয়োজনে পরিষেবা আরও আগে শুরু করার ব্যবস্থা করা হবে। লিফ্টের সমস্যাও একটি যান্ত্রিক ত্রুটি ছিল, যা এখন মিটে গিয়েছে।”
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Mar 24, 2026 6:50 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Kalna Hospital: চিকিৎসা করাতে এসে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা, দেরিতে আসছেন ডাক্তার! কালনা হাসপাতালের বহির্বিভাগে রোগীদের ভোগান্তি চরমে










