সম্প্রতি,আর. শ্রীনিবাস নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করল তামিলনাড়ু পুলিশ৷ তিনি শুধু ভুয়ো অফিসার সেজে ঘুরে বেড়িয়েই ক্ষান্ত হননি৷ এক ব্যবসায়ীকে ১.৭ কোটি টাকার প্রতারণাও করেন৷ কিন্তু এইভাবে পুলিশ অফিসার সেজে কেন এতদিন ঘুরে বেড়িয়েছেন শ্রীনিবাস? জানতে গিয়ে উঠে এল ভারী অদ্ভুত কাহিনী৷
শ্রীনিবাস আসলে সাউথ সিনেমার বড় ভক্ত৷ সিনেমা দেখেই সিনেমার হিরো পুলিশ অফিসারদের মতো তারও পুলিশ সাজার সাধ জাগে৷ তবে তিনি পর্দায় সেই চেষ্টা না করে একেবারে বাস্তবেই IPS সেজে ঘুরে বেড়াবার সিদ্ধান্ত নেন৷ তবে মোটেই অশিক্ষিত নন এই প্রতারক, তার ডিপ্লোমা ডিগ্রিও আছে৷
advertisement
সবকিছু ঠিকঠাকই চলেছিল, দিব্যি আইপিএস সেজে ঘুরে বেড়াচ্ছিলেন শ্রীনিবাস৷ গন্ডগোল বাধল যখন ভেঙ্কটনারায়ণ নামের এক গাড়ির ব্যবসায়ী তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে পুলিশে কমপ্লেইন করলেন৷
এক বন্ধুর মাধ্যমে ব্যবসায়ী ভেঙ্কটনারায়ণের সঙ্গে আলাপ হয় শ্রীনিবাসের৷ শ্রীনিবাসে ভেঙ্কটনারায়ণকে জানান যে, তিনি মাইসুরুতে একটি সম্পত্তি সংক্রান্ত মামলা পরিচালনা করছেন৷ যেখান থেকে তার প্রায় ২৫০ কোটি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে৷ শুধু আর মাত্র ২.৫ কোটি টাকা পেলেই ডিল সম্পূর্ণ হবে৷ এইকথা শুনে তাকে বিশ্বাস করে তার হাতে ৪৯ লাখ টাকা তুলে দেন ব্যবসায়ী ভেঙ্কটনারায়ণ৷ এইঘটনা ২০২২ সালের জুন মাসের৷ পরে ডিসেম্বর মাসে এই টাকা ফেরতও দিয়ে দেন শ্রীনিবাস৷ এরপর তিনি আবার টাকা চান৷ আগেই বড় অঙ্কের টাকা সময়মতো ফেরত দিয়ে দেওয়ায় শ্রীনিবাসের ওপর ভেঙ্কটনারায়ণের ভরসাও বেড়েছিল৷ তিনি এক বন্ধুর কাছ থেকে ১.২ কোটি টাকা ধার করেন এবং অন্য এক বন্ধুর কাছ থেকে ৫৬ লাখ টাকা ধার করে শ্রীনিবাসের হাতে তুলে দেন৷ এই টাকা হাতে পাওয়ার পরেই হঠাৎ বেপাত্তা শ্রীনিবাস৷ তার ফোনও বন্ধ৷ শ্রীনিবাস একবার তার বান্ধবী রম্যার বাড়ির পুজোতে ভেঙ্কটনারায়ণকে আমন্ত্রন জানিয়েছিলেন৷ ফলে তার বান্ধবীকে চিনতেন এই ব্যবসায়ী৷ ফোনে শ্রীনিবাসকে না পেয়ে তার বান্ধবীকে ফোন করেন ভেঙ্কটনারায়ণ৷ দেখা যায় তার বান্ধবীরও ফোন বন্ধ৷ এবার ভেঙ্কটনারায়ণ বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন৷ এখনও পর্যন্ত পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে৷
আরও পড়ুন: শ্মশানে পিকনিক, জন্মদিনের পার্টি থেকে প্রি ওয়েডিং ফোটোশ্যুট! কোথায় সম্ভব হল এই অসম্ভব!
পালিয়ে গিয়ে বান্ধবী রম্যার সঙ্গে বেশ বিলাসবহুল দিন কাটাচ্ছিলেন শ্রীনিবাস৷ পুলিশ তার কাছে এখনও পর্যন্ত ২৩ লক্ষ টাকা মূল্যের একটি সোয়াঙ্কি BMW বাইক-সহ আরও ৩ টি হাই-এন্ড বাইক উদ্ধার করেছে৷
আরও পড়ুন: ১৪ তারিখে প্রথম দেখা, তারপরে প্রেম, ১৫ তারিখ বিয়ে! হতবাক করে দেওয়া কাহিনি
আইপিএস সাজতে এক ফোঁটাও ত্রুটি রাখেননি শ্রীনিবাস৷ পুলিশের ইউনিফর্ম তো ছিলই সঙ্গে একটি জাল আইডি কার্ডও তৈরি করেছিলেন৷ এমনকি এসইউভিতে চেপে লোকেদের সঙ্গে দেখাও করতে যেতেন, যাতে তিনি উর্ধ্বতনের পুলিশ অফিসার এ নিয়ে কারও মনে কোনও সন্দেহ না থাকে৷
সিনেমার পর্দায় পুলিশদের দেখে নিজে পুলিশ সেজে এমন প্রতারণার ঘটনায় তাজ্জব দেশবাসী৷
