প্রতি বছরের মতো এ বছরও ১৭ সেপ্টেম্বর, নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে দেশজুড়ে কর্মসূচি নিয়েছে পদ্ম শিবির। পশ্চিমবঙ্গে কীভাবে সেই কর্মসূচি পালন করা হবে, তা নিয়েও ২ দিনের সাংগঠনিক বৈঠকে আলোচনা হতে পারে। কিছুদিন আগে দিল্লিতে দলের সদর দফতরে এই কর্মসূচি নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন রাজ্যের নেতারা উপস্থিত ছিলেন।
advertisement
কর্মসূচিতে কী কী থাকছে? এই অভিযানে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে বিজেপি, যার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে। পালন করা হবে নরেন্দ্র ম্যারাথন। যা প্রথমে রাজ্য স্তরে এবং পরে জেলায় জেলায় অনুষ্ঠিত হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এই কর্মসূচিটি ২১ সেপ্টেম্বর মহালয়ার দিনে অনুষ্ঠিত হতে পারে। এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হল, দেশের ৭০টিরও বেশি শহরে ‘মোদি বিকাশ ম্যারাথন’-এর আয়োজন।
এছাড়াও গ্রামাঞ্চলে ‘সাংসদ খেলাধুলা প্রতিযোগিতা’-র পরিকল্পনা করা হয়েছে। এই আয়োজনে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে চাইছে বিজেপি। প্রতি বছরই প্রধানমন্ত্রীর জন্মদিন ‘সেবা পক্ষ’ হিসেবে পালন করে বিজেপি। এই বছরও তার ব্যতিক্রম নয়। দেশজুড়ে ‘সেবা পক্ষ’-র অংশ হিসেবে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে স্বচ্ছতা অভিযান, ১০০০টি স্থানে রক্তদান শিবির, ‘এক গাছ মায়ের নামে’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি, ‘ভোকাল ফর লোকাল’ প্রচার এবং বিভিন্ন স্থানে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন। এই কর্মসূচিগুলো ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত চলবে।
