বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পঞ্চগড়-১ আসনে বিএনপি প্রার্থী নওশাদ জমির বিজয়ী হয়েছেন। তিনি ১ লক্ষ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়েছেন। নওশাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম পেয়েছেন ১ লক্ষ ৬৬ হাজার ১২৬ ভোট।
advertisement
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। সংসদ নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-সহ মোট ৫১টি দল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। মোট প্রার্থী ২ হাজার ২৯ জন, এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী ২৭৪ জন। এঁদের মধ্যে মহিলা প্রার্থী রয়েছেন ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
