প্রোডাকশন ম্যানেজার শেখর চক্রবর্তী জানান, “আমি তখন শুটিং ইউনিটের গাড়ি ছাড়ছিলাম। একটি গাড়ি ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছিল। হঠাৎই খবর আসে, জলে ভাসছেন রাহুল। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। তাঁর হাই ব্লাডপ্রেশার ছিল। দ্রুত একটি উদ্ধারকারী নৌকা তাঁকে উদ্ধার করে আনে।” দ্রুত তাঁকে দিঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা ছ’টা নাগাদ হাসপাতালে পৌঁছন তিনি। এর পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে আসেন। দিঘা থানা ও দিঘা মোহনা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জলে নামার সময়ই বিপত্তি ঘটে। নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যে অভিনেতার পরিবারের সদস্যরা কলকাতা থেকে রওনা দিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ‘চিরদিনই তুমি যে আমার’ রাহুলের কেরিয়ারে উল্লেখযোগ্য ছবি। সেখানে তাঁর সহ-অভিনেত্রী ছিলেন প্রিয়াঙ্কা সরকার। পরবর্তীতে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। অভিনয় জীবনে একাধিক কাজ করেছেন তিনি। ২০২৫ সালের ছবি ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এ অভিনয় করেছিলেন। পাশাপাশি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকেও নিয়মিত দেখা যাচ্ছিল তাঁকে। কিছুদিন আগে ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজ়েও অভিনয় করেছিলেন। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ টলিউড মহল।






