অধীর চৌধুরীর কথায়, আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের গড় পুনরায় ফিরে পেতে মরিয়া কংগ্রেস। তবে এবার চমক দিয়ে কান্দি বিধানসভা কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসেবে ডাক্তার শামিম রানার নাম প্রস্তাব করা হয়েছে এআইসিসিতে। সালারের কংগ্রেসের যোগদান সভা মঞ্চ থেকে ঘোষণা করলেন খোদ অধীর চৌধুরী। কান্দি শহরের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শামিম রানার নাম ঘোষণা করতেই উচ্ছ্বাস তৈরি হয় কংগ্রেস কর্মীদের মধ্যে। একটা সময় কান্দিতে কংগ্রেসের বিধায়ক ছিলেন প্রয়াত ‘রাজাবাবু’ অতীশচন্দ্র সিংহ। ১৯৭১, ১৯৭২, ১৯৭৭, ১৯৮২, ১৯৯১ ও ২০০১ সালে কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হন অতীশ সিং।
advertisement
২০০৬ সালে অতীশচন্দ্র সিংহের বিরুদ্ধে অপূর্ব সরকার নির্দল প্রার্থী হিসেবে লড়াই করে অতীশচন্দ্র সিংহকে পরাজিত করেন, বিধায়ক হন অপূর্ব সরকার। পরবর্তীতে অতীশচন্দ্র সিংহ দল পরিবর্তন করে তৃণমূলে যোগদান করেন। ২০১০ সালে প্রয়াত হন অতীশ চন্দ্র সিংহ। কিন্তু ২০১১, ২০১৬ সালে কংগ্রেসের দলীয় প্রতীকে কান্দি বিধানসভায় জয়ী হন অপূর্ব সরকার। ২০২১ অপূর্ব সরকার তৃণমূলের প্রার্থী হিসেবে জয়ী হন। তবে এ বছর ডাক্তার শামিম রানাকে প্রার্থী করে চমক দিতে চলেছে কংগ্রেস। অধীর চৌধুরী বলেন, ভাল মানুষ রাজনীতিতে আসুন। আমরা চমক দিয়ে কান্দিতে সর্বভারতীয় কংগ্রেস কমিটিতে নাম প্রস্তাব দিয়েছি। যদিও শামিম রানা জানিয়েছেন, ‘আমাকে প্রার্থী করছে। আমি চেষ্টা করব দল যা নির্দেশ দেবে তাই কাজ করব।’





