Dilip Ghosh: ফের ঘরের মাঠে দিলীপ, শুভেন্দুকে পাশে নিয়ে মনোনয়ন জমা দিলেন প্রাক্তন রাজ্য সভাপতি
- Reported by:Ranjan Chanda
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Dilip Ghosh: বিরোধী দলনেতা শুভেন্দুকে সঙ্গে নিয়ে মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দেন দিলীপ। সব মিলিয়ে শনিবার খড়গপুর শহরে কার্যত শক্তিপরীক্ষায় নামল বিজেপি। তবে রেল শহরের শেষ হাসি কে হাসে তা বলবে সময়।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: চেনা মাঠে আরও একবার লড়াইয়ের ময়দানে বিজেপি নেতা দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ফের বিধানসভা নির্বাচনের পারদ চড়ল খড়গপুরে। শনিবার খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মহকুমা শাসকের দফতরে মনোনয়ন পত্র জমা দিলেন দিলীপ ঘোষ। মেদিনীপুরের প্রাক্তন সাংসদকে ঘিরে এদিন গেরুয়া শিবিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মত। সুবিশাল র্যালি, বাজনা সহকারে মনোনয়নপত্র জমা দেন বিজেপি প্রার্থীরা। বেশ কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দেন তারা।
এক সময় খড়গপুরের বিধায়ক ছিলেন দিলীপ ঘোষ। পরে সাংসদ হলেও দল ফের তাঁকে তাঁর পুরোনো ভোট ময়দানেই ফিরিয়ে এনেছে। এদিন মনোনয়ন পেশের সময় তাঁর পাশে দাঁড়িয়ে শক্তিপ্রদর্শন করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ ছাড়াও উপস্থিত ছিলেন দিল্লির বিজেপি নেত্রী রেখা গুপ্তা এবং দিলীপ-জায়া রিঙ্কু ঘোষ। মনোনয়ন জমা দিয়ে জয়ের ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেন দিলীপবাবু। তিনি স্পষ্ট জানান, খড়গপুরের মানুষ ফের পদ্মশিবিরকেই বেছে নেবেন।
advertisement
advertisement
উল্লেখ্য, এবার খড়গপুর সদরে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রদীপ সরকার। হেভিওয়েট এই লড়াইকে কেন্দ্র করে ইতিমধ্যেই তপ্ত রাজনৈতিক ময়দান। এদিন কেবল দিলীপ ঘোষই নন, পশ্চিম মেদিনীপুরের একগুচ্ছ প্রার্থী তাঁদের মনোনয়ন দাখিল করেন। কেশিয়াড়ি থেকে ভদ্র হেমরম, নারায়ণগড়ের রমা প্রসাদ গিরি-সহ দাঁতন, সবং ও পিংলা কেন্দ্রের বিজেপি প্রার্থীরাও এদিন সপার্ষদ মহকুমা শাসকের দফতরে হাজিরা দেন। সব মিলিয়ে শনিবার খড়গপুর শহরে কার্যত শক্তিপরীক্ষায় নামল বিজেপি।
Location :
Kharagpur,Paschim Medinipur,West Bengal
First Published :
Apr 04, 2026 4:09 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
Dilip Ghosh: ফের ঘরের মাঠে দিলীপ, শুভেন্দুকে পাশে নিয়ে মনোনয়ন জমা দিলেন প্রাক্তন রাজ্য সভাপতি










