LPG vessel Reaches India: জ্বালানি সঙ্কটের মাঝে বড় স্বস্তি, ৪২,০০০ মেট্রিক টন এলপিজি নিয়ে হরমুজ পেরিয়ে ভারতে পৌঁছোল গ্যাসবাহী জাহাজ, শীঘ্রই আসছে আরও একটি ট্যাঙ্কার
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
ভারতে জ্বালানি সঙ্কটের মাঝেই বড় স্বস্তি! ইতিমধ্যেই একটি এলপিজি বহনকারী জাহাজ হরমুজ পেরিয়ে ভারতে পৌঁছেছে! আসছে আরও একটি ট্যাঙ্কার! এই দুটি জাহাজ ভারতে এলে দেশের মোট মজুত গ্যাসের পরিমাণ ৯০,০০০ মেট্রিক টনেরও বেশি হবে
গুজরাত: মধ্যপ্রাচ্যে জারি ইরান-ইজরায়েল সংঘাত! বন্ধ হরমুজ প্রণালী! যদিও ‘বন্ধু’ দেশ ভারতের জন্য হরমুজ প্রণালী খুলে দিয়েছিল ইরান! এবার হরমুজ প্রণালী পেরিয়ে শুক্রবার গুজরাতের কাণ্ডলা বন্দরে পৌঁছল ‘জ্যাগ বসন্ত’ নামের আরও একটি এলপিজি বহনকারী জাহাজ।
জাহাজটিতে মোট ৪২,০০০ মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (LPG) রয়েছে বলে জানা গিয়েছে। সোমবার ‘জ্যাগ বসন্ত’-এর সঙ্গে আরও একটি গ্যাস বহনকারী জাহাজ ‘পাইন গ্যাস’-ও ভারতের উদ্দেশে রওনা দেয়। জানা যাচ্ছে, ৪৫ হাজার মেট্রিক টন এলপিজি বহন করা ‘পাইন গ্যাস’ খুব শীঘ্রই কর্নাটকের নিউ মেঙ্গালুরু বন্দরে আসবে।
এই সপ্তাহের শুরুতে ভারতীয় আধিকারিকরা জানিয়েছিলেন, ভারতের দুটি এলপিজি জাহাজ দেশে ৯০,০০০ মেট্রিক টনেরও বেশি এলপিজি নিয়ে আসছে। এর মধ্যে ‘জ্যাগ বসন্ত’ ইতিমধ্যেই ভারতে পৌঁছে গিয়েছে। ‘পাইন গ্যাস’-ও খুব শীঘ্রই ভারতে পৌঁছবে। ফলে, দু’টি জাহাজ দেশে ঢোকার পর ভারতে মজুত গ্যাসের পরিমাণ ৯০,০০০ মেট্রিক টনেরও বেশি হবে। কাজেই, দেশে এলপিজির বড় ধরনের কোনও ঘাটতি হওয়ার আশঙ্কা করছে না ভারত।
advertisement
advertisement
জানা যায়, গত সোমবারই হরমুজ পেরিয়ে ভারতের উদ্দেশে রওনা দেয় দু’টি জাহাজ। একাধিক সংবাদমাধ্যমের দাবি, এই জাহাজগুলো সাধারণত যে ছোট ও সোজা পথ দিয়ে আরব সাগরে ঢোকে, সেই পথ এড়িয়ে কাশেম-লারাক চ্যানেল হয়ে হরমুজ পেরোয় । এই চ্যানেল দিয়ে হরমুজ পেরোলে তুলনায় বেশি সময় লাগে। কিন্তু মনে করা হচ্ছে, হামলা এড়াতেই এই পদক্ষেপ। সংবাদমাধ্যমগুলির দাবি, দু’টি জাহাজই আগাম সংকেত পাঠিয়ে জানিয়ে দেয়, সেগুলি ভারতের দিকে যাচ্ছে। অনুমান, তার পরেই দু’টি জাহাজকে হরমুজ পেরোনোর ‘গ্রিন সিগন্যাল’ দেয় ইরান।
advertisement
প্রসঙ্গত, ইরানের সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষৎকারে সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “হরমুজ পুরোপুরি বন্ধ নেই। ইরানের সঙ্গে যে কয়েকটি দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাদের জাহাজগুলিকে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। নিরাপদে হরমুজ পেরনোর জন্য বহু জাহাজ মালিক এবং অনেক দেশই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে বন্ধু দেশগুলিকেই আপাতত অনুমতি দেওয়া হয়েছে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 27, 2026 10:17 PM IST










