হরমুজ প্রণালিতে আটকে ৮ এলপিজি ট্যাঙ্কার! সরবরাহ চালু রাখতে ইরানের সঙ্গে আলোচনায় ভারত
- Published by:Tias Banerjee
Last Updated:
হরমুজ প্রণালি ঘিরে জ্বালানি সঙ্কটের আশঙ্কায় এলপিজি সরবরাহ নিশ্চিত করতে ইরানের সঙ্গে আলোচনায় বসেছে ভারত। নয়াদিল্লি শীঘ্রই সরবরাহ পাওয়ার আশা করছে. এস জয়শঙ্কর ও আব্বাস আরাঘচির মধ্যে ফোনে কথা হয়েছে।
হরমুজ প্রণালি বন্ধ ঘিরে জ্বালানি সঙ্কটের আশঙ্কার মাঝেই এলপিজি সরবরাহ নিশ্চিত করতে ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় বসেছে ভারত। সরকারি সূত্র সিএনএন-নিউজ১৮-কে জানিয়েছে, খুব শীঘ্রই এলপিজি সরবরাহ পাওয়ার আশা করছে নয়াদিল্লি। অঞ্চলের অস্থিরতার জেরে জ্বালানি পরিবহণে বিঘ্ন ঘটতে পারে বলে পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারতীয় কর্তৃপক্ষ।
সূত্রের খবর, বর্তমানে হরমুজ প্রণালির ঠিক আগে আটটি এলপিজি ট্যাঙ্কার অপেক্ষা করছে। এই জাহাজগুলির চলাচল স্বাভাবিক করতে ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে ভারত সরকার। সংশ্লিষ্ট আধিকারিকদের দাবি, ইরানও এই প্রক্রিয়ায় সহযোগিতা করছে। একই সঙ্গে ভারতে থাকা ইরানি নাবিকদের নিয়েও উদ্বেগ রয়েছে তেহরানের। বর্তমানে প্রায় ২৫০ জন ইরানি নাবিক ভারতে রয়েছেন এবং তাঁরা দেশে ফেরার অপেক্ষায়। তাঁদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছে ভারতীয় কর্তৃপক্ষ এবং ফেরানোর বন্দোবস্ত করা হচ্ছে।
advertisement
advertisement
ভারতের ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ’ ইতিমধ্যেই একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে, যাতে দেশে এলপিজি সরবরাহে বড় ধরনের বিঘ্ন না ঘটে। পরিস্থিতি খতিয়ে দেখে সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে সমন্বয় করে রান্নার গ্যাসের সরবরাহ বজায় রাখার চেষ্টা চলছে।
advertisement
ভারতে এলপিজির চাহিদার প্রায় ৬০ থেকে ৬৭ শতাংশ আমদানির উপর নির্ভরশীল। এর বড় অংশই সৌদি আরব ও কাতারের মতো উপসাগরীয় দেশগুলি থেকে হরমুজ প্রণালি হয়ে ভারতে আসে। ফলে এই রুটে কোনও বাধা তৈরি হলে দেশের এলপিজি সরবরাহে প্রভাব পড়তে পারে।
এলপিজি ট্যাঙ্কারগুলির নিরাপদ চলাচল নিশ্চিত করতে কূটনৈতিক স্তরেও আলোচনা চালাচ্ছে ভারত। সূত্রের খবর, এই বিষয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে একাধিকবার ফোনে কথা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 13, 2026 12:46 PM IST










