Narendra Modi at Brigade: ব্রিগেডে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন, মাটির তলাও পরীক্ষা করবে এসপিজি! মঞ্চ তৈরির পরও খোলার নির্দেশ
- Reported by:Susmita Mondal
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সভা দিয়েই বিধানসভা ভোটের প্রচারে ঝড় তুলতে চায় রাজ্য বিজেপি৷
আগামী ১৪ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা৷ গত কয়েকদিন ধরে সেই সভার প্রস্তুতি জোর কদমে শুরু করে ফেলেছে রাজ্য বিজেপি৷ চলছে জোরদার প্রচার৷ কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি-র নির্দেশে ধাক্কা খেল মোদির সভার মঞ্চ তৈরির কাজ৷
আগামী শনিবার প্রথমে ব্রিগেড ময়দানে একটি ছোট মঞ্চে প্রশাসনিক সভা করবেন প্রধানমন্ত্রী৷ এর পর মূল মঞ্চে হবে রাজনৈতিক সভা৷ প্রশাসনিক সভার মঞ্চ তৈরির দায়িত্ব সরকারির দফতরগুলির হাতে থাকলেও রাজনৈতিক সভার মঞ্চ এবং বাকি আয়োজনের প্রস্তুতি বিজেপি-র৷ সেই মতো মঞ্চ তৈরির কাজও অনেকটা এগিয়ে গিয়েছে৷ রোদের তাপ থেকে বাঁচতে দর্শকাসনের উপরে বিরাট ছাউনিরও ব্যবস্থা করা হচ্ছে৷ সেই কাজও অনেকটা এগিয়ে গিয়েছে৷
advertisement
advertisement
ইতিমধ্যেই সভাস্থলের নিরাপত্তার ভার হাতে নিয়েছে এসপিজি৷ মঙ্গলবার হঠাৎই এসপিজি-র পক্ষ থেকে রাজ্য বিজেপি নেতত্বকে জানানো হয়, তৈরি করে ফেলা মঞ্চের কিছুটা অংশ খুলতে হবে৷ কারণ প্রধানমন্ত্রীর সভাস্থলের মাটির উপরের অংশের পাশাপাশি মাটির নীচেও পরীক্ষা করে দেখতে চায় এসপিজি৷
advertisement
এসপিজি-র এই নির্দেশ শুনে বিজেপি নেতারাও ফাঁপড়ে পড়েন৷ কারণ মঞ্চের কিছুটা অংশ সম্পূর্ণ খুলে মাটির নীচে পরীক্ষার পর আবার নতুন করে মঞ্চ তৈরি করতে হবে৷ ফলে সভাস্থল তৈরির কাছে আরও কিছুটা দেরি হবে৷ তবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনও আপোস করতে চায় না রাজ্য বিজেপি নেতৃত্বও৷ ফলে মঞ্চ নির্মাণের দায়িত্বে থাকা সংস্থাকে এসপিজি-র কথা মতো মঞ্চের পিছনের দিকের কিছুটা অংশ খুলে দিতে বলা হয়েছে৷
advertisement
বিজেপি নেতাদের অবশ্য দাবি, প্রধানমন্ত্রীর যে কোনও সভার আগেই এ ভাবে মাটির নীচে রুটিন পরীক্ষা করে এসপিজি৷ প্রশ্ন উঠছে, অতীতেও প্রধানমন্ত্রী ব্রিগেড সহ রাজ্যের অন্যত্র বহু রাজনৈতিক সভা করেছেন৷ ফলে এসপিজি-র ছাড়পত্র না নিয়েই কেন তাড়াহুড়ো করে মঞ্চ তৈরির কাজ শুরু হল? সভার দায়িত্বে থাকা বিজেপি নেতাদের দাবি, সমন্বয়ের অভাবেই এরকম হয়েছে৷
advertisement
প্রধানমন্ত্রীর ব্রিগেডের সভা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল এবং বিজেপি-র মধ্যে জোর কথার লড়াই শুরু হয়েছে৷ রাজ্য জুড়ে বিজেপি যে পরিবর্তন যাত্রা করছে, তার সমাপ্তি হবে ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রীর সভার মধ্যে দিয়ে৷ যদিও বিজেপি-র এই পরিবর্তন যাত্রায় মানুষের কোনও সাড়া নেই বলে কটাক্ষ করেছে শাসক দল৷ এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পরই ভোট ঘোষণা করবে নির্বাচন কমিশন৷ পাল্টা বিজেপি শিবিরের দাবি, প্রধানমন্ত্রীর সভায় রেকর্ড জনসমাগম হবে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 10, 2026 9:55 PM IST











