Election Commission: সিইও দফতরের সামনে জমায়েত,অশান্তি!দুই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর, তিন দিনে হাজিরার নির্দেশ
- Reported by:Priti Saha
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর সচিন সিং-এর বিরুদ্ধে এক্স হ্যান্ডেলে অভিযোগ তুলেছিল সিইও দফতরও৷
কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের বাইরে অশান্তির ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ৷ অভিযুক্তদের মধ্যে কলকাতা পুরসভার দু জন তৃণমূল কাউন্সিলরও রয়েছেন৷ হেয়ার স্ট্রিট থানার পুলিশ এই এফআইআর দায়ের করেছে বলে খবর৷
নির্বাচন কমিশন সূত্রের খবর, কলকাতা পুরসভার অভিযুক্ত দুই তৃণমূল কাউন্সিলর হলেন শান্তিরঞ্জন কুণ্ডু (৩২ নম্বর ওয়ার্ড) এবং সচিন সিং (৩৬ নম্বর ওয়ার্ড)৷ এ ছাড়াও মহম্মদ ওয়াসিম, মইদুল, চন্দ্রকান্ত সিং এবং মহম্মদ রিজওয়ান আলি নামে আরও চারজনের বিরুদ্ধে অশান্তির ঘটনায় জামিন অযোগ্য ধারায় মামলার রুজু হয়েছে।
গত ৩১ মার্চ স্ট্র্যান্ড রোডের সামনে ফর্ম ৬ জমা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে৷ তৃণমূল এবং বিজেপি-র সংঘর্ষ তুলকালাম পরিস্থিতি তৈরি হয়৷ কোনওক্রমে পরিস্থিতি সামাল দেয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী৷ এলাকায় জমায়েত রুখতে জারি করা হয়েৃ বিএনএস-এর ১৬৩ ধারা৷ ওই দিন রাতেও অভিযুক্ত দুই তৃণমূল কাউন্সিলর পুলিশের আপত্তি অগ্রাহ্য করে কমিশনের অফিসের সামনে জমায়েত করেন বলে অভিযোগ৷ রাস্তা অবরুদ্ধ করে রেখে তাঁরা সিইও মনোজকুমার আগরওয়ালের বিরুদ্ধে উস্কানিমূলক স্লোগানও দেন বলে অভিযোগ৷ সেই ঘটনার জেরেই মামলা রুজু করেছে পুলিশ৷ অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়া, বেআইনি জমায়েতের মতো অভিযোগ আনা হয়েছে৷
advertisement
advertisement
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৩২, ১৮৯(৩), ১৮৯(৪), ১৮৯(৫),১৯০, ৩৩৫ -এর মতো জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ এ ছাড়াও কয়েকটি জামিনযোগ্য ধারাও যোগ করা হয়েছে৷ দুই তৃণমূল কাউন্সিলর সহ বাকি অভিযুক্তদের তিন দিনের মধ্যে হেয়ার স্ট্রিট থানায় দেখা করার নির্দেশও দেওয়া হয়েছে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 02, 2026 11:41 PM IST











