শিক্ষক জখম কাণ্ডের জের, হাঁসখালি ব্লকের BDO সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড নির্বাচন কমিশনের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Election Commission: নদিয়ার রানাঘাটের স্কুলে ভোটের প্রশিক্ষণ নিতে যাওয়া শিক্ষককে মারধরের অভিযোগের জের। বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। হাঁসখালি ব্লকের বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ডের নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের।
কলকাতা: ফের কড়া মনোভাব নির্বাচন কমিশনের। হাঁসখালি ব্লকের BDO সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। গত ২৭ মার্চ রানাঘাটে শিক্ষক নিগ্রহের ঘটনায় এবার বড় পদক্ষেপ করল কমিশন। ২৭ মার্চ রানাঘাটে প্রশিক্ষণ চলাকালীন সংঘর্ষের ঘটনায় এক শিক্ষক গুরুতর আহত হন বলে অভিযোগ ওঠে। ঘটনায় থানায় FIR দায়ের করেন আহত শিক্ষক সাইকত চট্টোপাধ্যায়।
এই ঘটনায় কমিশনের অভিযোগ, দায়িত্বে থাকা সত্ত্বেও BDO প্রোটোকল মানেননি। দায়িত্বে গাফিলতির কারণে নির্বাচনী পরিবেশে প্রভাব পড়েছে বলে মত জাতীয় নির্বাচন কমিশনের। ঘটনায় অবিলম্বে সাসপেনশন ও বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন। সেইসঙ্গে ১ এপ্রিল সকাল ১১টার মধ্যে রাজ্যকে রিপোর্ট জমা দিতে নির্দেশ কমিশনের।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত ২৭ মার্চ নদিয়ার হাঁসখালি ব্লকের অধীনে রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশনে (গার্লস অ্যান্ড কো-এড) প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সেই শিবিরের মাঝেই চরম বিশৃঙ্খলা তৈরি হয় এবং সৈকত চট্টোপাধ্যায় নামে এক শিক্ষক গুরুতর জখম হন। মাথায় আঘাত নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এই ঘটনায় রানাঘাট থানায় এফআইআর-ও দায়ের করা হয়েছিল সেই দিন। তারই পরিপ্রেক্ষিতে এবার কড়া মনোভাব জাতীয় নির্বাচন কমিশনের।
advertisement
চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, প্রশিক্ষণ শিবিরের দায়িত্বে ছিলেন হাঁসখালির বিডিও। কমিশনের মতে, দায়িত্ব পালনের ক্ষেত্রে বিডিও-র পক্ষ থেকে চরম গাফিলতি ও গুরুত্বহীনতা দেখা গিয়েছে। অবাধ ও স্বচ্ছ নির্বাচনের পরিবেশ তৈরি করার ক্ষেত্রে কমিশনের প্রচেষ্টায় এই ঘটনা নিন্দনীয়।
advertisement
রাজ্যের মুখ্যসচিবকে লেখা চিঠিতে কমিশন সাফ জানিয়েছে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং নির্বাচন কমিশনের নির্ধারিত প্রোটোকল মেনে চলতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। সায়ন্তন ভট্টাচার্যকে অবিলম্বে চাকরি থেকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করতে হবে। সেই সঙ্গে এই প্রশাসনিক গাফিলতির জন্য তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে নবান্নকে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 31, 2026 8:32 PM IST











