Bhangar Blast: ভাঙড়ে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে ৯৫ শতাংশ ঝলসে যাওয়া ছোট্ট সাদিকুল হার মানল,হাসপাতালে মৃত্যু একরত্তির
- Reported by:Rounak Dutta Chowdhury
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
গত মঙ্গলবার ভাঙড়ে রাস্তার ধারে পড়ে থাকা কেমিক্যালের ড্রামে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ঝলসে যায় ৩ শিশু। মারাত্মক জখম হয় ৪ বছরের সাদিকুল। ছোট্ট সাদিকুল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল এম আর বাঙুর হাসপাতালে। কিন্তু শেষ পর্যন্ত আর পারল না। বুধবার ভোরে মৃত্যু হয় একরত্তির
কলকাতা: ভাঙড়ে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে শিশুর মৃত্যু। ১৭ ফেব্রুয়ারি ভাঙড়ে কেমিক্যাল ড্রামে বিস্ফোরণে গুরুতর জখম হয় ৩ শিশু। ৯৫ শতাংশ ঝলসে গিয়েছিল ৪ বছরের সাদিকুলের। আশঙ্কাজনক অবস্থায় সাদিকুলকে ভর্তি করা হয় এমআর বাঙুর হাসপাতালে। বুধবার ভোরে হাসপাতালে মৃত্যু হয় সাদিকুলের। এমআর বাঙুরে এখনও চিকিৎসাধীন আরও দুই আহত শিশু।
গত মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের মধ্য খড়গাছি গ্রাম। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে ভাঙড়ের বোদরা গ্রাম পঞ্চায়েতের চটকি মোড় থেকে ঘটকপুকুর ৭ কিমি রাস্তা মেরামতির কাজ চলছিল। সেই জন্য রাস্তার পাশে রাখা ছিল, রাসায়নিক ভর্তি কয়েকটি ড্রাম। তারই একটিতেই বিস্ফোরণ ঘটে। সেই সময় স্কুল-ছুটির পর রাস্তার ধারে খেলাধুলো করছিল কয়েকজন শিশু। বিস্ফোরণে গুরুতর জখম হয় ৩ জন। আগুনে পুড়ে খাক হয়ে যায় বাড়ির চাল। ঝলসে যায় গাছপালা। এমআর বাঙুর হাসপাতাল সূত্রে খবর, যে ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছে, তাদের মধ্যে সাদিকুল ৯৫ শতাংশ অগ্নিদগ্ধ, আর একজন ৫৫ শতাংশ ও অন্যজন ১৫ শতাংশ অগ্নিদগ্ধ।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারাই দ্রুত আহত শিশুদের উদ্ধার করে নলমুড়ি ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের অবস্থার অবনতি হওয়ায় এম আর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের আধিকারিকেরা। তীব্র রোদে গরম হয়ে বিস্ফোরণ, নাকি আগুনের ফুলকি থেকে? ঠিক কী কারণে ভাঙড়ে কেমিক্যাল ভর্তি ড্রামে ভয়াবহ বিস্ফোরণ, তা খতিয়ে দেখেছেন বিশেষজ্ঞরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 25, 2026 9:36 AM IST









