'আমাদের প্রত্যাবর্তন হবে' ভোট দামামা বাজতেই কলেজ স্কোয়ারের মিছিল থেকে রণহুঙ্কার মমতার!
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
বাংলায় ফের তৃণমূল সরকারের প্রত্যাবর্তন হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি?
কলকাতা: ভোট ঘোষণার পরেই ফের কেন্দ্র সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরের দিনই রাস্তায় নেমে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিলেন তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই কর্মসূচি আগেই নির্ধারিত ছিল, তবু ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক পরেই তাঁর এই মিছিল ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। সোমবার কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তিনি। রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদেই এই কর্মসূচি বলে জানিয়েছে তৃণমূল।
আর এই মিছিল থেকেই কেন্দ্রের উদ্দেশে এসআইআর নিয়ে প্রশ্ন ছুড়ে দেন মমতা। তিনি বলেন, “কোনো রাজ্যকে টার্গেট করোনি। তাহলে বাংলা কেন? লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন বাংলায়? মানুষ জবাব চাইবে না? তোমার পরিবর্তন হবে না। আমাদের প্রত্যাবর্তন হবে।”
রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের শীর্ষস্তরের কয়েকজন আমলা ও পুলিশ আধিকারিকের বদলি হয়েছে। তার মধ্যেই সোমবার শহরের রাস্তায় মিছিল করেন মুখ্যমন্ত্রী। কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়া মিছিলে নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে সামনের সারিতে ছিলেন তৃণমূলের মহিলা কর্মীরা। অনেকেই মাথায় প্রতীকী গ্যাস সিলিন্ডার নিয়ে হাঁটেন। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘ক্যাশ দিয়ে লাভ নেই, গ্যাস দিন মানুষকে’—এই স্লোগানও ওঠে মিছিলে।
advertisement
advertisement
কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়া এই মিছিল শেষ হয় ডোরিনা ক্রসিংয়ে। সেখানে মঞ্চে উঠে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি বিজেপিকে নিশানা করে বলেন, “আমি বাজে কথা বলি না। আজকের মিছিলেই প্রমাণ হয়ে গেছে, যত হামলাই করো না কেন, আবার জিতবে বাংলা। বাংলার নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করুন। কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। আমরা অনেক কঠিন সময় পেরিয়ে এসেছি। মানুষের আস্থা, বিশ্বাস ও ভরসা আমাদের সঙ্গে আছে।”
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 16, 2026 6:57 PM IST










