Chinsurah News: দু বছর আগে লাঠি নিয়ে তেড়ে গিয়েছিলেন, সেই বিজেপি নেতাকে দেখতেই হাসপাতালে তৃণমূল বিধায়ক! চুঁচুড়ায় শুরু তরজা
- Published by:Debamoy Ghosh
Last Updated:
বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায় অভিযোগ করেন, তৃণমূলবিধায়ক রাজনীতি করতে হাসপাতালে গিয়েছিলেন।
সোমনাথ ঘোষ, চুঁচুড়া: ভোটের আগে সৌজন্য! হাসপাতালে ভর্তি বিজেপি নেতাকে দেখতে হঠাৎ হাজির হলেন তৃণমূল বিধায়ক। মানবিক কারণেই তিনি বিজেপি নেতাকে দেখতে এসেছেন বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক৷ যদিও বিজেপি-র অভিযোগ, সৌজন্যের আড়ালে রাজনীতি করছেন তৃণমূল বিধায়ক৷
চুঁচুড়ার মগড়া ব্লকের কোদালিয়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য তথা পঞ্চায়েতে বিরোধী দলনেতা বাচ্চু বিশ্বাস। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ। গত সোমবার তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিসিইউ- তে চিকিৎসাধীন রয়েছেন বিজেপি নেতা। আজ সেই খবর পেয়ে হঠাৎই চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার অসুস্থ ওই বিজেপি নেতাকে দেখতে হাজির হন হাসপাতালে। বাচ্চু বিশ্বাসের পরিবারের সঙ্গেও কথা বলেন তৃণমূল বিধায়ক।
advertisement
হাসপাতাল থেকে বেরোনোর সময় বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘আমার বিধানসভা এলাকার বাসিন্দা বিজেপি-র ওই পঞ্চায়েত সদস্য। তিনি অসুস্থ শুনে আমি হাসপাতালে এসে তাঁকে দেখলাম। তাঁর শারীরিক অবস্থা খুবই খারাপ। ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে, কিডনিতেও সমস্যা রয়েছে। তাঁর যথাযথ চিকিৎসার জন্য চিকিৎসকদের বলেছি। পরিবারের সঙ্গেও কথা হয়েছে।’
advertisement
advertisement
বছর দুয়েক আগে চুঁচুড়ার খাদিনার মোড়ে বিজেপি কর্মীদের লাঠি নিয়ে তেড়ে গিয়ে মারতে দেখা গিয়েছিল বিধায়ক অসিত মজুমদারকে। বুধবার যাঁকে তিনি হাসপাতালে দেখতে গেলেন, সেই বাচ্চু বিশ্বাসও সেদিন বিজেপি-র ওই মিছিলে ছিলেন।
লাঠি নিয়ে যাঁর দিকে তেড়ে গিয়েছিলেন, সেই বিজেপি নেতাকেই কেন তিনি হাসপাতালে দেখতে এলেন, সেই প্রশ্নের জবাবে বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘বিনা কারণে আমাকে চোর অপবাদ দেওয়া হয়েছিল। তাই সেদিন আমি তেড়ে গিয়েছিলাম।’ বিজেপি সদস্যকে তাঁর দেখতে আসার মধ্যে কোনও রাজনীতি নেই, বলেই দাবি করেছেন তৃণমূল বিধায়ক৷ অসিত মজুমদারের দাবি, মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই অসুস্থ বিজেপি নেতাকে দেখতে এসেছেন তিনি৷
advertisement
অসুস্থ বিজেপি নেতা বাচ্চু বিশ্বাসের স্ত্রী অবশ্য দাবি করেন, তার স্বামীর অসুস্থতার পর বিজেপি-র কোনও নেতা পাশে এসে দাঁড়ানো দূরে থাক, খোঁজ পর্যন্ত নেননি৷ বিজেপি জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় যদিও দাবি করেন, ”দলের পক্ষ থেকে অসুস্থ নেতাকে যথাযথ সাহায্য করা হয়েছে। কল্যাণী এইমস-এ চিকিৎসার জন্য পরিবারকে প্রস্তাবও দেওয়া হয়েছিল৷ কিন্তু তাঁর পরিবার থেকে বলা হয় উন্নত চিকিৎসার জন্য বাচ্চুবাবুকে ভেলোরে নিয়ে যাওয়া হবে। আমরা বিজেপি কর্মীদের পাশে আছি। নির্বাচনের আগে আবেগে সুড়সুড়ি দিতেই তৃণমূল বিধায়ক হাসপাতালে গিয়েছিলেন।’
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 11, 2026 7:18 PM IST









