Adhir Ranjan Chowdhury: ভোটের আগে ফিরলেন পুরনো ডেরায়, বহরমপুরে কি এবার তিনিই প্রার্থী? অধীর গড়ে বাড়ছে জল্পনা
- Published by:Debamoy Ghosh
Last Updated:
বিধানসভা নির্বাচনে কংগ্রেসের একা লড়ার পক্ষেই সওয়াল করেছেন অধীররঞ্জন চৌধুরী৷
গত লোকসভা নির্বাচনে তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছিলেন৷ সেই হারের হতাশায় কি না জানা নেই, মাঝে বেশ কিছুদিন নিজেকে কিছুটা গুটিয়েই রেখেছিলেন অধীর চৌধুরী৷ যদিও বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে থেকেই ফের পুরনো মেজাজে দেখা যাচ্ছে একদা বহরমপুরের রবিনহুড নামে খ্যাত অধীরকে৷ এমন কি, এমন কি নিজের গড় ফিরে পেতে আগামী বিধানসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর থেকে প্রার্থী হবেন কি না, তা নিয়েও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে৷
সেই জল্পনা বাড়িয়েই বহরমপুরে নিজের পুরনো ডেরায় ফিরলেন কংগ্রেস নেতা৷ বহরমপুরের সাংসদ থাকাকালীন বহরমপুর শহরের গোরাবাজার এলাকায় নিজের বাড়ি থেকেই যাবতীয় কর্মকাণ্ড সামলাতেন অধীর৷ সাংসদ হিসেবে তাঁর কার্যালয়ও ছিল এই বাড়িতেই৷ গোরাবাজারের এই বাড়ি থেকেই সাংবাদিকদের মুখোমুখি হতেন তিনি৷ কিন্তু গত লোকসভা নির্বাচনে অধীরের পরাজয়ের পর কার্যত ফাঁকাই পড়েছিল এই বাড়িটি৷
advertisement
বুধবার গোরাবাজারের সেই বাড়িতেই হঠাৎ করে হাজির হলেন অধীররঞ্জন চৌধুরী৷ সেখানেই সাংবাদিক বৈঠক করেন তিনি৷ অধীর ঘনিষ্ঠ এবং অনুগামীদের আনাগোনাও বেড়েছে গোরাবাজারের এই বাড়িতে৷ এসবই আগামী বিধানসভা নির্বাচনে বহরমপুর শহর থেকে অধীরের প্রার্থী হওয়ার ইঙ্গিত কি না, তা নিয়ে স্থানীয় কংগ্রেস কর্মী এবং রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে৷
advertisement
যদিও নিজের প্রার্থী হওয়া নিয়ে মুখ খোলেননি অধীর৷ ভোট ভাগ্য ফেরাতেই তিনি পুরনো ঘাঁটিতে ফিরলেন কি না, সেই প্রশ্নের জবাবও হেসে উড়িয়ে দিয়েছেন প্রাক্তন সাংসদ৷ তবে অধীর মুখে কিছু না বললেও দুই দুইয়ে চার করে ফেলছেন অনেকেই৷
advertisement
সাংসদ পদ হারানোর পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতির পদও হারিয়েছেন অধীর৷ ফলে নিজের পায়ের তলার মাটি ফিরে পেতে অধীরের প্রার্থী না হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়েও দিচ্ছেন না অধীর ঘনিষ্ঠরা৷ এর আগে তাঁর প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টি কংগ্রেস হাইকম্যান্ডের সিদ্ধান্তের উপরেই ছেড়েছিলেন অধীর৷ প্রাক্তন সাংসদ বলেছিলেন, , ‘ভোটে লড়ব কি না আমি এখনও সেই সিদ্ধান্ত নিইনি। আমরা কংগ্রেস দল, সবাই একসঙ্গে লড়ব। তবে আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিইনি যে, লড়ব কি না।’
advertisement
এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেস যে একাই লড়াই করবে, তা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে৷ বিধানসভায় দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে অধীরকে কংগ্রেস হাইকম্যান্ড টিকিট দেয় কি না, সেটাই এখন দেখার৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 11, 2026 5:52 PM IST











