স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই চাঁদড়া রেঞ্জ এলাকায় ২০-২২টি হাতির একটি দল দাপিয়ে বেড়াচ্ছিল। সন্ধ্যার পর থেকেই লোকালয় সংলগ্ন বোরো ধানের মাঠে নেমে আসছিল তাঁরা। বৃহস্পতিবার রাতেও হাতিগুলি ওই এলাকায় তাণ্ডব চালিয়েছে। শুক্রবার সকালে গ্রামবাসীরা মাঠে গিয়ে দেখেন, ধান জমিতে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতির দেহ পড়ে আছে।
আরও পড়ুনঃ নদিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ফেরিঘাট বন্ধ! আজও চলছে না কোনও ফেরি, নিত্যযাত্রীদের যাতায়াতে মহা সমস্যা
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চাঁদড়া রেঞ্জের আধিকারিক সহ বনকর্মীরা। উপস্থিত হয় গুড়গুড়িপাল থানার পুলিশও। মৃত হাতিটিকে দেখতে ভিড় জমান স্থানীয় প্রচুর মানুষ। বন দফতরের প্রাথমিক অনুমান, প্রচুর পরিমাণে কচি বোরো ধান খাওয়ার ফলে পেটের সমস্যা অথবা ধানে ব্যবহৃত কীটনাশকের বিষক্রিয়ায় হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রস্তুতি শুরু করেছে বন দফতর। রেঞ্জ অফিসার লক্ষ্মীকান্ত মাহাত জানিয়েছেন, নিয়ম মেনে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঝাড়গ্রামেও একটি হস্তিশাবকের মৃত্যু হয়েছে। জঙ্গলমহলের প্রধান পশু হাতি। সেই হাতির মৃত্যুতে কার্যত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জঙ্গলমহলে পরপর হাতি-মৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।






